ভাসছে রাজ্য, কলকাতাসহ সব জেলায় অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা!
বার্তা ডেস্কঃ
রাজ্যজুড়ে জোড়া ফলার কোপ! বৃষ্টির তোড়ে ভাসবে কলকাতা, জারি অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা। পশ্চিমবঙ্গ এবং কলকাতায় ঘূর্ণাবর্ত ও সুস্পষ্ট নিম্নচাপের প্রভাবে আজ দিনভর ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উপকূলের ওপর অবস্থান করা এই আবহাওয়া ব্যবস্থার জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা। কলকাতায় দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং ঘণ্টায় সর্বোচ্চ ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। দিনের তাপমাত্রা ৩১ ডিগ্রি ও সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টির আশঙ্কা সবচেয়ে বেশি।
মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও মালদাতেও চলবে দুর্যোগ। উপকূলবর্তী ও সংলগ্ন জেলাগুলিতে ঘণ্টায় ৬০ থেকে ৬৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পাশাপাশি সমুদ্র উত্তাল থাকবে। আবহাওয়া দফতরের কড়া নির্দেশ অনুযায়ী, আগামী ৩১ আগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।