৭২৯ বিলিয়ন ডলার! রেকর্ড ভেঙে শিখরে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার
বার্তা ডেস্কঃ
ভারী অঙ্কের বৈদেশিক মুদ্রা প্রবাহ এবং ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের কার্যকর পদক্ষেপে দেশের অর্থনীতিতে এক নতুন মাইলফলক তৈরি হয়েছে। গত ২১ অগাস্ট শেষ হওয়া সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ১২.৪২২ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়ে সর্বকালের সর্বোচ্চ ৭২৯.৩২৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এর ফলে চলতি বছরের ফেব্রুয়ারি মাসের আগের সমস্ত রেকর্ড ভেঙে নতুন ইতিহাস সৃষ্টি হলো। রিজার্ভ ব্যাঙ্কের তথ্য অনুযায়ী, এই টানা অষ্টম সপ্তাহের বৃদ্ধিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ‘ফরেন কারেন্সি নন-রেসিডেন্ট ব্যাঙ্ক (FCNR-B)’ প্রকল্প।গত জুন মাসে চালু হওয়া এই বিশেষ প্রকল্পের মাধ্যমে প্রবাসী ভারতীয়দের কাছ থেকে বিপুল সাড়া মিলেছে।অগাস্ট পর্যন্ত এই খাতে প্রায় ৬৫.৪ বিলিয়ন ডলার জমা হয়েছে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে এক দুর্দান্ত শক্ত ভিতের ওপর দাঁড় করিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, মোট বৈদেশিক মুদ্রার ভাণ্ডারের প্রধান চালিকাশক্তি হলো বৈদেশিক মুদ্রা সম্পদ বা FCA, যা বেড়ে বর্তমান দাঁড়িয়েছে ৫৯১৯৩৩৩ বিলিয়ন ডলার। পাশাপাশি, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) কাছে থাকা রিজার্ভ এবং স্পেশাল ড্রয়িং রাইটস (SDR)-এর পরিমাণও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, বিশ্ববাজারে সোনার দাম সামান্য বাড়ার ফলে রিজার্ভ ব্যাঙ্কের গোল্ড রিজার্ভের ভ্যালুও চাঙ্গা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, বৈদেশিক মুদ্রার এই অভাবনীয় মজুত দেশের অর্থনীতিকে বৈশ্বিক অনিশ্চয়তা ও মুদ্রাস্ফীতির চাপ থেকে রক্ষা করতে শক্তিশালী কুশনের কাজ করবে।