রাঁচিতে মারণ সোয়াইন ফ্লুর হানা! ৮ আক্রান্ত, জরুরি সতর্কতা জারি প্রশাসনের।

বার্তা ডেস্কঃ

দিল্লি ও মহারাষ্ট্রের পর এবার প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে ভয়াবহভাবে থাবা বসিয়েছে H1N1 অর্থাৎ সোয়াইন ফ্লু। রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (RIMS)-এ সম্প্রতি পরীক্ষার জন্য পাঠানো ১১টি নমুনার মধ্যে ৮টিতেই এই ভাইরাসের উপস্থিতি মিলেছে। করোনার আতঙ্ক কাটতে না কাটতেই সোয়াইন ফ্লুর এই দ্রুত বিস্তার চিকিৎসকমহলে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। পরিস্থিতি মোকাবিলায় ঝাড়খণ্ড স্বাস্থ্য দফতর অত্যন্ত সতর্কতামূলক পদক্ষেপ করেছে এবং রাজ্যের সমস্ত জেলা হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলিকে বিশেষ নির্দেশিকা পাঠিয়েছে।

রাজ্যের জাতীয় স্বাস্থ্য মিশনের অধিকর্তা শশী প্রকাশ ঝা জানিয়েছেন, এই পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা জরুরি। স্বাস্থ্য দফতরের নির্দেশ অনুযায়ী, প্রতিটি জেলা হাসপাতাল ও মেডিক্যাল কলেজে কমপক্ষে দশটি বেডের পৃথক আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রাখতে বলা হয়েছে। পাশাপাশি, পিপিই কিট, থ্রি-লেয়ার মাস্ক, প্রয়োজনীয় ওষুধ, অক্সিজেন এবং ভেন্টিলেটর পর্যাপ্ত পরিমাণে মজুত রাখতে বলা হয়েছে। ওপিডিতে জ্বর, সর্দি, কাশি বা শ্বাসকষ্ট নিয়ে আসা রোগীদের বাধ্যতামূলক স্ক্রিনিং করার নির্দেশ দেওয়া হয়েছে। চিকিৎসকরা সাধারণ মানুষকে অতিরিক্ত ভিড় এড়িয়ে চলা, নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া এবং মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন। বিশেষ করে বয়স্ক, শিশু, গর্ভবতী নারী এবং ডায়াবেটিস বা হাঁজলতে আক্রান্তদের ক্ষেত্রে সামান্য উপসর্গ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *