শিয়ালদায় ভয়াবহ অগ্নিকাণ্ড, প্যানের তেল থেকেই কি ছড়াল বিপর্যয়?
বার্তা ডেস্কঃ
শিয়ালদা: শিয়ালদা স্টেশন চত্বরের এক রেল কোচ রেস্তোরাঁয় সোমবার সকালে আচমকাই বিধ্বংসী আগুন লেগে তীব্র চাঞ্চল্য ছড়ায়। সকাল ৯টার পর লাগা এই আগুন নেভাতে দমকলের তৎপরতায় পৌনে ১১টা নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দুর্ঘটনায় কেউ হতাহত হননি। রেলের প্রাথমিক অনুমান, রান্নার অতিরিক্ত গরম তেল থেকেই এই আগুনের সূত্রপাত। ঘটনার পর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট রেস্তোরাঁটির লাইসেন্স সাসপেন্ড করেছে পূর্ব রেল।
রেল সূত্রে খবর, রেস্তোরাঁর রান্নাঘরে ‘ফ্রাইং প্যান’-এর তেল অতিরিক্ত গরম হয়ে শিখা ছাদের দিকে উঠে যায়। এতেই চটজলদি ডাক্ট ও ছাদের ইনসুলেশনে আগুন ধরে যায় এবং বদ্ধ জায়গায় প্রচুর ধোঁয়া জমে যায়। খবর পেয়ে সকাল ৯:২৪ নাগাদ দমকল ঘটনাস্থলে পৌঁছায়। স্টেশনের নিজস্ব হাইড্র্যান্ট ব্যবস্থা থেকে জল সরবরাহ করে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
শিয়ালদা ডিভিশন জানিয়েছে, রেস্তোরাঁটি মূল স্টেশন বিল্ডিং থেকে আলাদা হওয়ায় ট্রেন চলাচল বা যাত্রী পরিষেবায় কোনো প্রভাব পড়েনি। তবে রেস্তোরাঁর নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থার ঘাটতি নিয়ে প্রশ্ন উঠেছে। রেল স্পষ্ট জানিয়েছে, এর দায় লিজ গ্রহীতার। গাফিলতি প্রমাণিত হলে সংশ্লিষ্ট মালিকের বিরুদ্ধে আরও কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।