বিজেপি সরকারের প্রথম দুর্গাপুজো, স্কুল-কলেজে কতদিনের ছুটি মিলবে?

বার্তা ডেস্কঃ

মাস ঘুরলেই শুরু হতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। রথযাত্রার পর থেকেই মূলত বাঙালির পুজোর কাউন্টডাউন শুরু হয়ে যায়। তবে এবছর রাজ্যে ক্ষমতার পালাবদলের পর প্রশাসনিক একাধিক নিয়মের পাশাপাশি রাজ্য সরকারি ছুটির তালিকাতেও এসেছে রদবদল। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে—নতুন বিজেপি সরকারের আমলে দুর্গাপুজোয় স্কুল-কলেজ কতদিন বন্ধ থাকবে?

চলতি ২০২৬ সালের দুর্গাপুজো শুরু হচ্ছে ১৬ অক্টোবর (মহাষষ্ঠী) থেকে, যা ২১ অক্টোবর (বিজয়া দশমী) পর্যন্ত চলবে। এবছরের গুরুত্বপূর্ণ দিনগুলি হলো:

  • মহালয়া: ১০ অক্টোবর (শনিবার)
  • মহাষষ্ঠী: ১৬ অক্টোবর (শুক্রবার)
  • মহাসপ্তমী: ১৮ অক্টোবর (রবিবার)
  • মহাঅষ্টমী: ১৯ অক্টোবর (সোমবার)
  • মহানবমী: ২০ অক্টোবর (মঙ্গলবার)
  • বিজয়া দশমী: ২১ অক্টোবর (বুধবার)

যদিও রাজ্য শিক্ষা দপ্তরের তরফে ছুটি সংক্রান্ত কোনো চূড়ান্ত নির্দেশিকা বা নোটিশ এখনো জারি করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে—পূর্ববর্তী সরকারের মতোই এবছরো চতুর্থী থেকে ভাইফোঁটা পর্যন্ত একটানা সরকারি স্কুল ও কলেজগুলিতে পঠনপাঠন বন্ধ রাখা হতে পারে।

অন্যান্য বছরের তুলনায় এবার পুজোর আড়ম্বর ও সরকারি নীতি নিয়েও জল্পনা তুঙ্গে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, সব পুজো কমিটিকে ঢালাও অনুদান দেওয়ার যে প্রথা আগে ছিল, তা বজায় থাকছে না। কেবল যেসব কমিটির আর্থিক সাহায্য সত্যিই প্রয়োজন, তাদের বাছাই করেই সাহায্য করা হবে। নবান্ন সূত্রে খবর, ১০ লক্ষ টাকার কম বাজেটের পুজো কমিটিগুলিকেই অনুদান দেওয়ার বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। অর্থ দপ্তরের সঙ্গে চূড়ান্ত আলোচনার পরই এ বিষয়ে কোনো স্পষ্ট নির্দেশিকা আসতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *