সব বাধা তুড়ি মেরে বিশ্বজয়ে ছুটছে ভারত, অর্থনীতির রকেটে গতির ঝড়!
বার্তা ডেস্কঃ
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের চড়া দাম, ইরান যুদ্ধ এবং মার্কিন নিষেধাজ্ঞার টানা চাপ—সব অনিশ্চয়তা ও ভূ-রাজনৈতিক অস্থিরতাকে একপাশে সরিয়ে রেখে জয়যাত্রা অব্যাহত রেখেছে ভারতীয় অর্থনীতি। চলতি ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) ভারতের মোট অভ্যন্তরীণ উৎপাদন (জিডিপি) বৃদ্ধির হার পৌঁছাল ৭.৮ শতাংশে, যা প্রত্যাশিত ৭.১ শতাংশের পরিসংখ্যানকে অনেকটাই ছাপিয়ে গিয়েছে।
৩১ আগস্ট প্রকাশিত সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের একই ত্রৈমাসিকের ৬.৯ শতাংশ বৃদ্ধির তুলনায় এবারের ফলাফল অত্যন্ত আশাব্যঞ্জক। আন্তর্জাতিক বাজারে অস্থিরতার কারণে যেখানে বৃদ্ধির হার কমার আশঙ্কা করেছিলেন অর্থনৈতিক বিশ্লেষকেরা, সেখানে দাঁড়িয়ে দেশের মূলধনী ব্যয়, উৎপাদন বৃদ্ধি ও অভ্যন্তরীণ শক্ত চাহিদা অর্থনীতিকে ধরে রাখতে বড় ভূমিকা নিয়েছে।
অর্থনীতির এই সাফল্য প্রকাশ্যে আসার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স-এ (সাবেক টুইটার) পোস্ট করে জানান যে, সমস্ত নেতিবাচক ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণ করে ভারত আবার নিজের শক্ত ভিতের ওপর বিকশিত হয়েছে।