ভোটার তালিকা থেকে নাম উধাও, পুরভোটের আগে কোন বড় চাল চালছে বামেরা?
বার্তা ডেস্কঃ
নভেম্বরের শেষ বা ডিসেম্বরের প্রথমে কলকাতা ও হাওড়া পুরনিগমের নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। তার আগেই ভোটার তালিকা নিয়ে বড়সড় আন্দোলনের প্রস্তুতি শুরু করেছে সিপিএম-সহ বামপন্থী দলগুলি। যোগ্য ব্যক্তিদের ভোটার তালিকায় নথিভুক্ত করার এবং বাদ পড়া নাম পুনরুদ্ধারের দাবিতে খুব শীঘ্রই মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দপ্তর ঘেরাওয়ের ডাক দিতে চলেছে বামফ্রন্ট। যদিও এই আন্দোলনের চূড়ান্ত দিনক্ষণ এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে খুব শীঘ্রই জোটসঙ্গীদের সঙ্গে আলোচনা করে তা চূড়ান্ত করা হবে বলে জানা গিয়েছে।
বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার সময় নাম বাদ পড়া প্রায় ২৯ লক্ষ মানুষের ভাগ্য নিয়ে রাজনৈতিক জল্পনা তুঙ্গে। ইতিমধ্যেই প্রায় সাড়ে সাত লক্ষ মানুষ নাম তোলার জন্য আবেদন করলেও, বামেদের অভিযোগ, সম্পূর্ণ অপরিকল্পিতভাবে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী প্রমাণসহ আবেদন করার পর অনেকেই নাম ফিরে পেলেও, এই প্রক্রিয়া নিয়ে অসন্তোষ কাটেনি। আসন্ন পুরভোটের আগে এই ইস্যুকে সামনে রেখে ময়দানে নেমে নিজেদের রাজনৈতিক জমি শক্ত করতে মরিয়া বাম শিবির।