নিজেদের কেন্দ্রেই ডিম-পাথর বৃষ্টি! বিধায়কের বিরুদ্ধে ফুঁসছেন মহুয়া, সুরক্ষায় হাইকোর্ট

বার্তা ডেস্কঃ

নিজের লোকসভা কেন্দ্র কৃষ্ণনগরে একের পর এক বিক্ষোভের মুখে পড়ে মারাত্মক ক্ষোভ প্রকাশ করলেন সাংসদ মহুয়া মৈত্র। কালীগঞ্জের ঘটনার পর এবার চাপড়ায় একটি দলীয় বৈঠকে যোগ দিতে গিয়ে চরম হেনস্তার শিকার হতে হলো তাঁকে। অভিযোগ, বৈঠক শেষে ফেরার পথে তাঁর গাড়ি ঘিরে কালো পতাকা দেখানো হয়, তোলা হয় স্লোগান এবং গাড়ি লক্ষ্য করে পাথর ও ডিম ছোড়া হয়।

এই ঘটনার পরপরই নিজের নিরাপত্তার দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মহুয়া। আদালতে তাঁর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করেন যে, একজন নির্বাচিত সাংসদ বারবার আক্রান্ত হলেও তাঁকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হচ্ছে না। শুনানির পর বিচারপতি সৌগত ভট্টাচার্য এই ধরনের ঘটনাকে গর্হিত অপরাধ বলে আখ্যা দেন। আদালত নির্দেশ দেয়, মহুয়া মৈত্র যখনই নিজের লোকসভা কেন্দ্রে যাবেন, রাজ্য পুলিশকে বাধ্যতামূলকভাবে তাঁর সুরক্ষায় অন্তত দু’জন পুলিশকর্মী মোতায়েন করতে হবে। আপাতত এই বিশেষ নিরাপত্তা ৩০ দিনের জন্য দেওয়া হয়েছে এবং আগামী ১ অক্টোবর মামলাটির পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

এই ঘটনাকে কেন্দ্র করে শাসকদলের ভেতরের গোষ্ঠী কোন্দল এখন পুরোপুরি প্রকাশ্যে। মহুয়া মৈত্রের অভিযোগ, স্থানীয় তৃণমূল বিধায়ক জেবের শেখ এবং বিজেপির অনুগামীরা যৌথভাবে চক্রান্ত করে এই হামলা চালিয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে বিধায়ক জেবের শেখের দাবি, বিক্ষোভকারীরা কোনো দলের সদস্য নন, বরং তাঁরা চাপড়ার সাধারণ ক্ষুব্ধ নাগরিক। দলীয় সাংসদ ও বিধায়কের এই সংঘাতকে ঘিরে বর্তমানে উত্তপ্ত রাজ্য রাজনীতি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *