বনগাঁ লোকালে ভয়াবহ আগুন, প্রাণ বাঁচাতে রেললাইনে ঝাঁপ যাত্রীদের!
September 2, 2026
বার্তা ডেস্কঃ
মঙ্গল সন্ধ্যায় বনগাঁ শাখা লাইনে তীব্র আতঙ্ক। অশোকনগর রোড স্টেশনে প্রবেশের মুখেই আচমকা একটি বনগাঁ লোকাল থেকে ধোঁয়া ও আগুনের স্ফুলিঙ্গ বেরোতে দেখা যায়। চলন্ত ট্রেনে এই দৃশ্য চোখে পড়তেই যাত্রীদের মধ্যে চরম হুড়োহুড়ি ও ভয়ের পরিবেশ তৈরি হয়।
পরিস্থিতি বুঝতে পেরে চালক তৎক্ষণাৎ ট্রেনটি থামিয়ে দেন। ট্রেনের ভেতরে আগুন ছড়ানোর আতঙ্কে বহু যাত্রী জীবন বাঁচাতে লাফিয়ে রেললাইনে নেমে পড়েন। খবর পেয়ে দ্রুত ব্যবস্থা নেয় রেল কর্তৃপক্ষ।
এই ঘটনার কারণে ওই শাখায় প্রায় ৪০ মিনিট ট্রেন চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়। তবে রেল সূত্রের খবর, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং ওই লাইনে আবারও স্বাভাবিক ট্রেন চলাচল শুরু হয়েছে।