ডেঙ্গু রুখতে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, নভেম্বর পর্যন্ত বিশেষ নজরদারি!
বার্তা ডেস্কঃ
রাজ্যের বিভিন্ন প্রান্তে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়তে থাকায় সংক্রমণ রুখতে কঠোর পদক্ষেপ গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার স্বাস্থ্যভবনে স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে এক উচ্চপর্যায়ের জরুরি বৈঠকে বসেন তিনি। বৈঠকে তিনি সাফ জানিয়ে দেন, ডেঙ্গু সংক্রান্ত কোনো তথ্যই যেন লুকানো না হয়। একই সঙ্গে চিকিৎসকদের নির্ভয়ে প্রেসক্রিপশনে ডেঙ্গুর কথা লেখার পরামর্শ দেন এবং সাধারণ মানুষকে জ্বর হলে বিনামূল্যে পরীক্ষা করার সুযোগ নেওয়ার আহ্বান জানান।
আবহাওয়ার খামখেয়ালিপনা ও টানা বর্ষার কারণে ঘরে ঘরে ডেঙ্গুসহ বিভিন্ন সংক্রমণের খবর মিলছে। এই পরিস্থিতি মোকাবিলায় আগামী নভেম্বর (পুজোর পর) পর্যন্ত রাজ্যজুড়ে কড়া নজরদারি চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
স্বাস্থ্যভবন সূত্রে জানানো হয়েছে, রাজ্যে এ বছর এ পর্যন্ত প্রায় চার হাজার মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হলেও গতবারের তুলনায় সংক্রমণের হার প্রায় ৫০ শতাংশ কম। বর্তমানে রাজ্যে সক্রিয় ডেঙ্গু রোগীর সংখ্যা ১৪৮। কলকাতার ৬১টি ওয়ার্ড এখনো সম্পূর্ণ ডেঙ্গুমুক্ত থাকলেও ১২টি ওয়ার্ডে সংক্রমণের হদিস মিলেছে। এ ছাড়া জেলাগুলির মধ্যে মুর্শিদাবাদ ও নদীয়ায় সংক্রমণের প্রকোপ সবচেয়ে বেশি।
বৈঠকে পুরসভাগুলির ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, অনেক পুরসভায় প্রশাসক নেই, আবার কোথাও কোথাও চেয়ারম্যানরা ঠিকমতো কাজ করছেন না। পরিষেবা ও পরিচ্ছন্নতার কাজে গাফিলতি না দেওয়ার জন্য পুরসভাগুলিকে কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে।