বেইমানি করলেই বরখাস্ত! হুঙ্কারের পরদিনই মহুয়ার কনভয়ে কালো পতাকা

বার্তা ডেস্কঃ

তৃণমূলের টিকিটে জিতে দলের বিরুদ্ধে গেলে সরাসরি বরখাস্ত করা হবে—এই কড়া হুঁশিয়ারি দেওয়ার পরদিনই নিজের এলাকাতেই তীব্র বিক্ষোভের মুখে পড়লেন কৃষ্ণনগরের সাংসদ ও নদিয়া জেলা সভাপতি মহুয়া মৈত্র। মঙ্গলবার নদিয়ার চাপড়ায় একটি দলীয় কর্মিসভায় যোগ দিতে গেলে তাঁর কনভয় আটকে প্রতিবাদ জানান স্থানীয় বাসিন্দারা। মহুয়ার গাড়ি ঘিরে কালো পতাকা দেখানো হয় এবং জোরকদম স্লোগান তোলা হয়, যা নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।

এর আগে সোমবার এক ভিডিও বার্তায় মহুয়া স্পষ্ট জানিয়েছিলেন, তৃণমূলের টিকিটে নির্বাচিত হয়ে যারা বিজেপির সাথে হাত মিলিয়ে পঞ্চায়েতে অনাস্থা আনছেন, তাঁদের সরাসরি বহিষ্কার করা হবে। এই বার্তার পরেই চাপড়ায় প্রাক্তন বিধায়ক রুকবানুর রহমানকে নিয়ে একটি সাংগঠনিক বৈঠক করতে যান তিনি।

ঘটনার পর মহুয়া মৈত্র দাবি করেন, চাপড়ার বিধায়ক জেবের শেখের অনুগামীরাই এই বিক্ষোভের নেপথ্যে রয়েছেন। তিনি বিস্ফোরক অভিযোগ এনে বলেন, এলাকায় বিজেপির অস্তিত্ব নেই বললেই চলে, বরং তৃণমূল থেকে জিতে যারা বিশ্বাসঘাতকতা করেছেন, তাঁদের কারণেই আজকের এই বিশৃঙ্খলা। কেবল মিডিয়ার নজর টানতেই এই আয়োজন করা হয়েছে বলে তিনি তোপ দাগেন।

তেহট্ট থেকে চাপড়া—নদিয়াজুড়ে তৃণমূলের এই প্রকাশ্যে আসা কোন্দল ও অনাস্থা বিতর্ক আগামী দিনে দলের রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *