কাজের দিনেই হাইভোল্টেজ ডার্বি, কবে মাঠে নামছে মোহনবাগান ও ইস্টবেঙ্গল!
বার্তা ডেস্কঃ
প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চূড়ান্ত হয়ে গেল কলকাতা লিগের বহু প্রতীক্ষিত ডার্বির দিনক্ষণ। আগামী সোমবার অর্থাৎ ৭ সেপ্টেম্বর বারাসাত স্টেডিয়ামের সবুজ গালিচায় মুখোমুখি হতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান ও ইস্টবেঙ্গল। ছুটির দিন বা সপ্তাহের অন্তে নয়, একেবারে ব্যস্ত কর্মদিবসেই এই হাইভোল্টেজ ম্যাচ দেখতে পাবেন বাংলার ফুটবলপ্রেমীরা। আইএফএ সচিব অনির্বাণ দত্ত স্থানীয় বিধায়ক, জেলাশাসক ও পুলিশ প্রশাসনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের পর সর্বসম্মতিক্রমে এই দিনটি চূড়ান্ত করেন।
ম্যাচটি নৈশালোকে আয়োজনের জোর প্রস্তুতি চলছে এবং ফ্লাডলাইটের নিচে বিকেল পাঁচটা নাগাদ খেলা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ফ্লাডলাইটের যান্ত্রিক পরীক্ষা সফল হওয়ার পরই চূড়ান্ত সময় জানানো হবে। উল্লেখ্য, এর আগে ২৯ আগস্ট ডার্বির পরিকল্পনা থাকলেও ডুরান্ড কাপ ফাইনালের জন্য তা পিছিয়ে দেওয়া হয়। পরবর্তীতে জন্মাষ্টমী ও অন্যান্য ধর্মীয় উৎসবের কারণে পুলিশি অনুমতির জটিলতা কাটিয়ে শেষ পর্যন্ত ৭ সেপ্টেম্বরকেই মর্যাদাপূর্ণ এই মহারণের দিন হিসেবে বেছে নেওয়া হলো।