নেপালের ক্ষত না শুকানো পর্যন্ত ফিরবেন না সোনু, কাঠমাণ্ডু পৌঁছে কী বার্তা দিলেন ‘মসিহা’!
বার্তা ডেস্কঃ
হড়পা বানে বিধ্বস্ত নেপালে হাজার ছাড়িয়েছে মৃতের সংখ্যা এবং নিখোঁজ সাড়ে চার হাজারের বেশি মানুষ। এমন ভয়ংকর প্রাকৃতিক দুর্যোগের জেরে মাথাচাড়া দিয়েছে চরম দুর্ভোগ ও মহামারীর আশঙ্কা। এই ক্রান্তিলগ্নে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়ে কাঠমাণ্ডুতে পৌঁছলেন বলিউড অভিনেতা সোনু সুদ। ‘সুদ চ্যারিটি ফাউন্ডেশন’-এর সদস্যদের নিয়ে মঙ্গলবার রাজধানী কাঠমাণ্ডুতে পা রেখে তিনি জানান যে, শুধু ত্রাণসামগ্রী বিতরণই নয়, বরং দুর্গতদের জীবনযাত্রা স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সহায়তা অব্যাহত থাকবে।
বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিনেতা জানান, ভারত থেকে পর্যাপ্ত লোকবল ও চ্যালেঞ্জের মুখেও প্রচুর কম্বল, খাদ্যদ্রব্য ও জীবনদায়ী ওষুধ নিয়ে আসা হয়েছে। প্রকৃত ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করে তাদের হাতে সাহায্য পৌঁছে দেওয়াই তাঁদের মূল লক্ষ্য। স্থানীয়দের সঙ্গে কথা বলে নিয়মিত প্রয়োজনের খতিয়ান নেওয়া হচ্ছে এবং সামর্থ্য অনুযায়ী সকলকে দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। অভিনেতার এই মানবিক উদ্যোগে ভূয়সী প্রশংসা করেছেন নেপালের সাধারণ মানুষসহ নেটদুনিয়ার অনুরাগীরা।