বিয়ের আসরে মার্কিন ক্ষেপণাস্ত্রের তাণ্ডব, শিশুসহ নিহত ৫! ট্রাম্পকে কঠোর হুঁশিয়ারি তেহরানের
বার্তা ডেস্কঃ
ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের সিরিক কাউন্টির কুহেস্তাক এলাকায় একটি আবাসিক বাড়িতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ পাঁচজন নিহত ও অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। মঙ্গলবার যখন এই হামলা চালানো হয়, তখন ওই বাড়িটিতে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল। রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্রের আঘাতে ছিটকে আসা শার্পনেলের কারণেই হতাহতের এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই প্রকাশিত ভিডিওতে দেখা যায়, পুরো এলাকা লন্ডভন্ড হয়ে গেছে এবং আতঙ্কিত মানুষ দিক্বিদিক ছুটছে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর কাছে অবস্থিত এই অঞ্চলে দীর্ঘদিন ধরে আমেরিকা ও ইরানের মধ্যে সংঘাত চলে আসছে।
এই হামলাকে যুদ্ধাপরাধ বলে অভিহিত করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন। অন্যদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ ও মার্কিন সেনাদের বিরুদ্ধে ইরানের হুমকির জবাব দিতেই এই অভিযান চালানো হয়েছে। পাশাপাশি পাল্টা হামলা হলে আরও কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন। এর জবাবে ইরানের রেভলিউশনারি গার্ডের পক্ষ থেকে আমেরিকার বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, এই আগ্রাসনের জন্য মার্কিন প্রশাসনকে অনুতপ্ত হতে হবে।