সেপ্টেম্বরেই ভয়ংকর বৃষ্টির পূর্বাভাস, কোন কোন রাজ্যে জারি হলো সতর্কতা?
বার্তা ডেস্কঃ
সেপ্টেম্বরের শুরুতেই দেশের আবহাওয়ায় এক নাটকীয় মোড় নেওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সক্রিয় বর্ষা, পশ্চিমী ঝঞ্ঝা এবং শক্তিশালী নিম্নচাপ—এই তিন ওয়েদার সিস্টেমের জোড়া ফলায় আগামী ৪ থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে উত্তর ভারতে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন ঘটতে চলেছে।
এর সবচেয়ে তীব্র প্রভাব পড়বে হিমালয়ের পাদদেশ ও সংলগ্ন সমতল এলাকায়। জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে অতিভারী থেকে চরম ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ৪ থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে এই ওয়েদার সিস্টেমটি সবচেয়ে বেশি শক্তিশালী রূপ নেবে, যার প্রভাবে পশ্চিম উত্তর প্রদেশ, দিল্লি-NCR, পূর্ব হরিয়ানা, চণ্ডীগড় এবং পূর্ব পাঞ্জাবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।
অন্যদিকে, বঙ্গোপসাগরের নিম্নচাপ, সক্রিয় মৌসুমি অক্ষরেখা এবং বিহার-ঝাড়খণ্ডের ঘূর্ণাবর্তের ত্রিভূজ প্রভাবে কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গজুড়েও টানা বৃষ্টি চলছে। মঙ্গলবার সারারাত বৃষ্টির পর বুধবারও একই ধরনের মেঘলা ও বৃষ্টিভেজা আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গবাসীর জন্য কিছুটা স্বস্তির খবর—নিম্নচাপটি ধীরে ধীরে ঝাড়খণ্ডের দিকে সরে যাওয়ায় আগামী বৃহস্পতিবার থেকে বৃষ্টির তীব্রতা ও পরিমাণ অনেকটাই হ্রাস পাবে বলে জানিয়েছে হাওয়া অফিস।