ডেঙ্গি দমনে রাজ্যজুড়ে বিশেষ অভিযান, আপনি প্রস্তুত তো!
বার্তা ডেস্কঃ
রাজ্যে ডেঙ্গির প্রকোপ বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সরাসরি প্রশাসনিক তদারকিতে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার স্বাস্থ্য দফতরের শীর্ষ আধিকারিকদের নিয়ে এক উচ্চপর্যায়ের বৈঠকে বসেন তিনি। বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, চলতি সেপ্টেম্বর মাসকে রাজ্যজুড়ে ‘ডেঙ্গু সচেতনতা মাস’ হিসেবে পালন করা হবে।
প্রশাসনিক পরিসংখ্যানে জানা গেছে, চলতি বছর আক্রান্তের সংখ্যা কিছু বাড়লেও গত বছরের এই সময়ের তুলনায় সামগ্রিক পরিস্থিতি প্রায় ৫০ শতাংশের বেশি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে।
ডেঙ্গি সংক্রমণ প্রতিরোধে আগামী ৩, ৪ ও ৫ সেপ্টেম্বর—এই তিন দিন রাজ্যব্যাপী সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতা ড্রাইভ চালানো হবে। কোথাও যেন জল জমে না থাকে এবং মশার লার্ভা দ্রুত ধ্বংস করা যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সমস্ত দফতরকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। আসন্ন দুর্গাপূজার আগেই ডেঙ্গি পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন যে কোনো শিথিলতা বা গাফিলতি সহ্য করবে না, তা স্পষ্ট করে দেওয়া হয়েছে।