স্কুলের ছাদে অমানবিক শাস্তি, একাদশ শ্রেণির ছাত্রীর মর্মান্তিক মৃত্যু!
বার্তা ডেস্কঃ
ফরিদাবাদের একটি বেসরকারি স্কুলে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ক্লাসরুমের বাইরে দীর্ঘ চার ঘণ্টা দাঁড় করিয়ে রাখার অমানবিক শাস্তির অপমান সইতে না পেরে স্কুলের তিনতলার ছাদ থেকে ঝাঁপ দিয়ে একাদশ শ্রেণির এক ছাত্রী প্রাণ হারিয়েছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। এই মর্মান্তিক মৃত্যুর ঘটনার নেপথ্যে সম্পূর্ণভাবে স্কুল কর্তৃপক্ষের দায়িত্বজ্ঞানহীন আচরণকেই দায়ী করেছে শোকস্তব্ধ কিশোরীর পরিবার।
পুলিশের কাছে দেওয়া বয়ানে ছাত্রীর বাবা জানিয়েছেন, ক্লাসে বিরিয়ানি খাওয়াকে কেন্দ্র করে অন্য সহপাঠীদের মধ্যে ঝগড়া হলেও সেই বিবাদে তাঁর মেয়ের কোনো ভূমিকা ছিল না। তা সত্ত্বেও শিক্ষিকা তাকে শাস্তিস্বরূপ ক্লাসের বাইরে চার ঘণ্টা দাঁড় করিয়ে রাখেন, যা তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল। যদিও স্কুল কর্তৃপক্ষ সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, ওয়াশরুমে যাওয়ার অনুমতি নিয়ে সে তিনতলায় চলে গিয়েছিল। বর্তমানে পুলিশ পরিবার ও স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।