রেজিস্ট্রি করলেই কি বিয়ে সিদ্ধ? সিঁদুরদান ও সাতপাক নিয়ে বড় রায় আদালতের!
বার্তা ডেস্কঃ
September 3, 202610:33 am
গুজরাট হাইকোর্ট সম্প্রতি এক রায়ে স্পষ্ট করে জানিয়েছে যে, শুধুমাত্র ম্যারেজ সার্টিফিকেট থাকলেই হিন্দু বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া যায় না। হিন্দু বিবাহ আইনের ৭ নম্বর ধারা অনুযায়ী, ধর্মীয় রীতি ও আচার-অনুষ্ঠান পালন করাই বিয়ের প্রধান ভিত্তি। আর ৮ নম্বর ধারা অনুযায়ী রেজিস্ট্রেশন কেবল একটি অনুষ্ঠিত বিয়ের লিখিত প্রমাণ মাত্র। ফলে, অনুষ্ঠান ছাড়া শুধুমাত্র কাগজে-কলমে হওয়া বিয়ের কোনো আইনি অস্তিত্ব নেই। এক প্রবাসী ভারতীয়ের মামলার শুনানিতে এই রায় দিয়েছে আদালত।
আমেদাবাদের ওই মামলায় এক ব্যক্তি অভিযোগ করেন, তাঁর সই জাল করে এবং কোনো আচার-অনুষ্ঠান ছাড়াই বিয়ের সার্টিফিকেট তৈরি করা হয়েছে। তিনি ও ওই মহিলা কখনো স্বামী-স্ত্রী হিসেবে বসবাসও করেননি। শুনানি চলাকালীন ওই মহিলাও লিখিতভাবে স্বীকার করেন যে কোনো ধর্মীয় রীতি মেনে তাঁদের বিয়ে হয়নি। পারিবারিক আদালত আবেদন খারিজ করলে ওই ব্যক্তি গুজরাট হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, হিন্দু বিয়ে কোনো সাধারণ লেনদেন নয়। মহিলা নিজেই অনুষ্ঠান না হওয়ার কথা স্বীকার করায়, সার্টিফিকেটকে ভিত্তি করে সেই দাবি নস্যাৎ করে দিয়েছে আদালত।