মহুয়া মৈত্রের নিরাপত্তায় নজিরবিহীন নির্দেশ হাইকোর্টের!
বার্তা ডেস্কঃ
September 3, 202610:33 am
লোকসভা কেন্দ্র কৃষ্ণনগরে বারবার বিক্ষোভ ও হামলার মুখে পড়ার পর তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রকে পুলিশি নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতির নির্দেশ অনুযায়ী, মহুয়া যখনই নিজের লোকসভা এলাকায় যাবেন, তাঁর সঙ্গে বাধ্যতামূলকভাবে দুই জন পুলিশকর্মী মোতায়েন করতে হবে যাতে তিনি কোনো ধরনের হয়রানি বা সমস্যার মুখোমুখি না হন। আগামী ৩০ দিনের জন্য এই নির্দেশ বলবৎ থাকবে এবং আগামী ১ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে। এর জন্য সাংসদকে কোন কোন তারিখে এলাকায় যাবেন, তা আগে থেকেই পুলিশকে জানাতে হবে।
এদিন শুনানিতে মহুয়ার আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন যে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর মক্কেলের উপর ডিম ও পাথর ছোড়া হচ্ছে এবং কাজ করতে বাধা দেওয়া হচ্ছে। এই প্রসঙ্গে বিচারপতি সৌগত ভট্টাচার্য কঠোর অবস্থান নিয়ে জানান, কোনো জনপ্রতিনিধির উপর হামলা বরদাশত করা যায় না এবং রাজ্যের উচিত কঠোরভাবে এর মোকাবিলা করা। উল্লেখ্য, এদিনই নদিয়ার চাপড়ায় মহুয়ার গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ ও কালো পতাকা দেখানোর ঘটনা ঘটে।