ডিসেম্বরের মধ্যে বাংলায় বড় ভোট, আপনার এলাকা কি তালিকায় আছে?
বার্তা ডেস্কঃ
September 3, 202610:33 am
ডিসেম্বরের মধ্যে রাজ্যের বিভিন্ন পৌরসভায় নির্বাচন সম্পন্ন করার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আগামী ৭ ডিসেম্বরের মধ্যে ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ করার লক্ষ্যমাত্রা নিয়ে রাজ্য নির্বাচন কমিশন তৎপরতা শুরু করেছে। এই উদ্দেশ্যে জেলাশাসক ও পুর আধিকারিকদের নিয়ে উচ্চপর্যায়ের ধারাবাহিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রথম দফায় কলকাতা, হাওড়া, শিলিগুড়ি, ধূপগুড়ি, হলদিয়া, বালি, কার্শিয়াং, কালিম্পং ও ঝাড়গ্রামে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে গত বিধানসভা নির্বাচনের মতো এবারও ভোটার তালিকা থেকে একাধিক নাম বাদ পড়ার আশঙ্কা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। ট্রাইব্যুনালে বিচারাধীন নামগুলির নিষ্পত্তি পুরোপুরি না হওয়ায়, কমিশন গত ১ জুলাই প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকার ওপর ভিত্তি করেই ভোট করানোর সিদ্ধান্ত নিয়েছে।
পুরভোটে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রক্তক্ষয়হীন নির্বাচন নিশ্চিত করা নিয়ে ইতিমধ্যেই কড়া অবস্থান নিয়েছে প্রশাসন। বিরোধী বা শাসক শিবিরের পক্ষ থেকে সুষ্ঠু ভোটদান নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করা হয়েছে। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল দাবি করেছেন, এই দফায় পুরভোটে কোনো ধরনের অশান্তি বা রক্তক্ষয়ের আশঙ্কা নেই এবং মানুষ শান্তিতে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন। বর্তমান প্রশাসনিক প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা খতিয়ে দেখতে রাজ্য নির্বাচন কমিশনের এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।