ব্যবসা ছাড়ো নয়তো জেল খাটবে, সীমান্তে ধ্বংস ২ লক্ষ নেশাদ্রব্য!
বার্তা ডেস্কঃ
বালুরঘাট: যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষা করতে ও ‘নেশামুক্ত ভারত’ গড়ার লক্ষ্যে এক অভূতপূর্ব পদক্ষেপ দেখা গেল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। কেন্দ্রীয় সরকারের ‘নেশামুক্ত ভারত অভিযান’-এর আওতায় সীমান্ত এলাকা থেকে উদ্ধার হওয়া প্রায় ২ লক্ষ ফেনসিডিলের বোতল ও বেআইনি মদ রোলার চালিয়ে ধ্বংস করা হলো। এই কর্মসূচিতে সরাসরি রোলার চালাতে দেখা যায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে, আর তাঁর পাশে উপস্থিত ছিলেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে এর আগে এমন কায়দায় বেআইনি মদ ও মাদক নষ্ট করতে দেখা গেলেও, বাংলায় এই দৃশ্য এই প্রথম।
বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পর গত চার মাসে বাংলাদেশ সীমান্তবর্তী দক্ষিণ দিনাজপুর জেলা থেকে বিপুল পরিমাণ এই সমস্ত নিষিদ্ধ মাদক বাজেয়াপ্ত করা হয়েছিল। এই সাফল্য প্রসঙ্গে শুভেন্দু অধিকারী জানান, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেশামুক্ত ভারতের যে ডাক, তা অত্যন্ত সময়োপযোগী। আগে সীমান্তে পুলিশ ও বিএসএফের মধ্যে সঠিক সমন্বয়ের অভাব ছিল। কিন্তু বর্তমান সরকারের অধীনে যৌথ অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা সম্ভব হয়েছে। আজ প্রতীকী হিসেবে এই ২ লক্ষ ফেনসিডিল ধ্বংস করা হলো।” এর পাশাপাশি মাদক কারবারীদের কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি জানান, এই ধরণের অনৈতিক ব্যবসার সাথে যুক্তদের আইন অনুযায়ী দীর্ঘসময় জেলেই কাটাতে হবে।
এ দিনের কর্মসূচি শেষে সুকান্ত মজুমদারের বাসভবনে মধ্যাহ্নভোজে যোগ দেন শুভেন্দু অধিকারী। জানা গেছে, বালুরঘাটে এরপরও বেশ কিছু প্রশাসনিক কর্মসূচি রয়েছে তাঁর। তিনি বালুরঘাট বিমানবন্দরের কাজের অগ্রগতি পরিদর্শন করবেন এবং জেলায় একটি নতুন মেডিক্যাল কলেজ গড়ে তোলার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।