যাদবপুরে গভীর রাতে ঝটিকা অভিযান, কার্ল মার্ক্সের গ্রাফিটি মুছে সাফ সাদা রঙ!

বার্তা ডেস্কঃ

যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেওয়াল লিখন ঘিরে চরম রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে। বিতর্কিত ও রাজনৈতিক স্লোগান মোছার ব্যাপারে রাজ্য প্রশাসনের কড়া বার্তার পর প্রথম দফায় ক্যাম্পাসের দেওয়াল সাদা রঙে ঢেকে দেওয়া হয়েছিল। তবে ২৪ ঘণ্টার মধ্যেই এসএফআই (SFI) সহ বাম ছাত্র সংগঠনের সদস্যরা পুনরায় দেওয়ালে কার্ল মার্ক্সের উক্তি ও রাজনৈতিক স্লোগান লিখে দেন।

এর পরই মঙ্গলবার গভীর রাতে দ্বিতীয় দফায় দেওয়াল মোছার ঘটনা ঘটে। রাত সাড়ে ১২টা নাগাদ পুরসভা ও পুলিশের পরিচয়ে বেশ কিছু ব্যক্তি ৪ নম্বর গেট দিয়ে প্রবেশ করেন এবং জানান যে দেওয়াল সাদা রঙ করতেই তাঁদের আসা। পরবর্তীতে হস্টেলের ছাত্ররা দেখতে পান, সোমবার পুনরায় লেখা কার্ল মার্ক্সের উক্তি ও অন্যান্য স্লোগান আবারও সাদা রঙের প্রলেপে অস্পষ্ট করে দেওয়া হয়েছে।

কাদের নির্দেশে মধ্যরাতে এই চুনকাম অভিযান চালানো হলো, তা নিয়ে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। বাম ছাত্র সংগঠনগুলোর দাবি, মাঝরাতে এই ধরনের পদক্ষেপে ক্যাম্পাসের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে। দেওয়াল মোছা ও পুনর্লিখনের এই টানাটানিতে আপাতত উত্তপ্ত যাদবপুর ক্যাম্পাস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *