মহানায়কের জন্মশতবর্ষে চারদিনের মহোৎসব, কলকাতায় থাকছে কী কী চমক?
বার্তা ডেস্কঃ
মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষ্যে রাজ্যজুড়ে শুরু হতে চলেছে চারদিনব্যাপী বর্ণাঢ্য ও ঐতিহাসিক উৎসব। আগামী ৩ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত নন্দন, রবীন্দ্রসদন, শিশির মঞ্চ, গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালা এবং রাধা স্টুডিও চত্বরে এই আয়োজন চলবে। তথ্য-সংস্কৃতি দফতরের উদ্যোগে আয়োজিত এই মহোৎসবে অংশ নিচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, দেব, যিশু সেনগুপ্তসহ বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির প্রখ্যাত তারকা ও উত্তম পরিবারের সদস্যরা। আগামী ৩ সেপ্টেম্বর সকালে আহিরিটোলা ও টালিগঞ্জে মহানায়কের মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হবে।
এই চারদিনের জমজমাট আয়োজনে থাকছে উত্তম কুমারকে নিয়ে বিশেষ সেমিনার, তথ্যচিত্র প্রদর্শনী এবং সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান। পাশাপাশি, মহানায়কের বিভিন্ন ছবির দৃশ্যসজ্জা সংবলিত বিশেষ ট্যাবলয়েড গাড়ি সারা শহর পরিক্রমা করবে। আগামী শুক্রবার উত্তমকুমার নামাঙ্কিত প্রস্তাবিত চলচ্চিত্র কেন্দ্রের উদ্বোধনের পাশাপাশি ‘নায়ক’ ছবির মাধ্যমে বিশেষ চলচ্চিত্র উৎসবের সূচনা হবে। সবমিলিয়ে, বাংলা সিনেমার মহানায়ককে স্মরণ করতে এবং তাঁর স্মৃতিকে সজীব রাখতে এক অভূতপূর্ব সাংস্কৃতিক উৎসবের সাক্ষী থাকতে চলেছে কলকাতা।