আসামের জেলে এইচআইভি আতঙ্ক! ৪ মাসে আক্রান্ত ২২৬ কয়েদি
বার্তা ডেস্কঃ
আসামের কারাগারগুলোতে বন্দিদের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে। হু হু করে ছড়াচ্ছে মারাত্মক এইচআইভি (HIV) সংক্রমণ। সরকারি তথ্য অনুযায়ী, গত চার মাসে (এপ্রিল থেকে জুলাই) রাজ্যের ৩১টি জেলে অন্তত ২২৬ জন কয়েদির শরীরে এইচআইভি পজিটিভ ধরা পড়েছে। এই পরিসংখ্যান সামনে আসতেই নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসন। নজিরবিহীন এই পরিস্থিতির গুরুত্ব বুঝে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
পরিস্থিতির ভয়াবহতা প্রথম প্রকাশ্যে আসে শ্রীভূমি জেলা কারাগারের তথ্যে। ১৮৭ জন ধারণক্ষমতার ওই জেলে বর্তমানে বন্দি রয়েছেন ৪৪৫ জন কয়েদি, যার মধ্যে ১১ জনের শরীরে মিলেছে এই সংক্রমণ। জেলের কর্মকর্তা ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের প্রাথমিক অনুমান, আক্রান্তদের বড় একটি অংশই মাদক সংক্রান্ত (NDPS) মামলায় অভিযুক্ত।
সংক্রমিত বন্দিদের চিকিৎসার জন্য ইতিমধ্যেই শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। আসামের স্বাস্থ্যমন্ত্রী অশোক সিঙ্ঘল জানান, বর্তমানে রাজ্যে প্রায় ৩৩ হাজার সক্রিয় এইচআইভি ও এইডস রোগী রয়েছেন। জেলগুলোতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সচেতনতা বাড়ানোর ওপর বিশেষ জোর দিচ্ছে প্রশাসন।