পাহাড়ের বুকে রেলের অদম্য লড়াই! দিন-রাত এক করে লাইন মেরামতে ৫০০ কর্মী
বার্তা ডেস্কঃ
উত্তর-পূর্ব সীমান্ত রেলের নিউ হারাঙ্গাজাও স্টেশনে ধস ও পরিকাঠামোগত মারাত্মক ক্ষতির কারণে স্তব্ধ হয়ে পড়েছিল ট্রেন চলাচল। তবে যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে পরিষেবা দ্রুত স্বাভাবিক করতে এবার নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে রেল কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে কার্যত যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালানো হচ্ছে।
উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানান, ধসে যাওয়া সেকশনটিকে ফের শক্তপোক্ত ও সুরক্ষিত করতে কাজ করছেন প্রায় ৫০০ জন রেলকর্মী। দিন-রাত এক করে চালানো হচ্ছে এই উদ্ধারকাজ। ভারী কাদা ও মাটি সরানোর জন্য মোতায়েন করা হয়েছে ২২টি পিসি এক্সকাভেটর, ১২টি জেসিবি, ১৮টি ট্রাক্টর এবং বিশেষ নিউম্যাটিক ড্রিল ও হাইড্রোলিক পাইলিং রিগ।
মূলত পাহাড়ি ঢল এবং মাটির নিচে জল জমে যাওয়ার ফলেই নিউ হারাঙ্গাজাও ইয়ার্ডের রেললাইন বসে গিয়েছিল। বর্তমানে আগাম সতর্কতা হিসেবে ৩ নম্বর লাইন দিয়ে ধীরগতিতে সীমিত সংখ্যক ট্রেন চালানো হচ্ছে। তবে রেল আশ্বস্ত করেছে যে, আগামী ৫ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যেই ২ নম্বর লাইনের মেরামতি কাজ পুরোপুরি সম্পন্ন হয়ে যাবে। আর তা হলেই এই রুটে ফের স্বাভাবিক গতিতে ছুটবে ট্রেন।