গণ্ডকের জলে ১০০ কেজির দানব মাছ, এলাকা জুড়ে আতঙ্ক!

বার্তা ডেস্কঃ

হড়পা বানের তোড়ে নদীপথে ভেসে এল ১০০ কেজির বিশাল শিকারি মাছ: খাওয়ার বিষয়ে প্রশাসনিক কড়া সতর্কতা

নেপালে ঘটা ভয়াবহ হড়পা বানের প্রভাবে ভারত-নেপাল সীমান্ত লাগোয়া নদী অঞ্চলে এক অদ্ভুত ও চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পাহাড়ি স্রোতের তীব্র টানে গণ্ডক নদীসহ আশেপাশের সমতল এলাকায় ভেসে আসছে দানবাকৃতির সব মাছ। স্থানীয় মৎস্যজীবীদের দাবি অনুযায়ী, জল কমতেই কোথাও ১৫ থেকে ৪০ কেজি, এমনকি কোথাও ৯০ থেকে ১০০ কেজি ওজনের বিশাল মাছ উদ্ধার হচ্ছে।

স্থানীয়দের কাছে এসব মাছ ‘গুঁছ’, ‘গোইতা’ বা ‘বাঘড়’ নামে পরিচিত। গভীর ও দ্রুত স্রোতের হিমালয় অঞ্চলের এই শিকারি মাছগুলি দেখতে বেশ ভয়াল—চ্যাপ্টা মাথা, গোঁফের মতো বড় শুঁড় এবং মুখে ধারালো দাঁত। সাধারণত সমতলের শান্ত বা কম স্রোতের জলে এদের দেখা মেলে না, কিন্তু বানের জলের তোড়ে সেগুলি নিচে নেমে এসেছে।

বিশাল আকৃতির এই মাছগুলি বাজারে আসার পরেই তড়িঘড়ি পদক্ষেপ নিয়েছে স্থানীয় প্রশাসন। বিহার সরকারের ডেইরি, মৎস্য ও পশুপালন দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে, বন্যার নোংরা জল এবং পচা-গলা প্রাণীর সংস্পর্শে থাকায় এই মাছের মাংসে মারাত্মক সংক্রমণের ঝুঁকি রয়েছে। তাই নিরাপত্তার স্বার্থে জনসাধারণকে এই জাতীয় অচেনা বা বড় মাছ কেনাবেচা ও খাওয়া থেকে কঠোরভাবে বিরত থাকতে বলা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *