পেট্রোলে ইথানল মিশ্রণ কি কমাচ্ছে বাইকের মাইলেজ? বড় আশ্বাস হিরো মোটোকর্পের!
বার্তা ডেস্কঃ
পেট্রোলে এথেনলের মিশ্রণ (Ethanol Blending) বাড়ায় যানবাহনের মাইলেজ কমে যাচ্ছে—ইদানীং দেশজুড়ে এমন অভিযোগ তুলেছেন বহু গাড়ি ও বাইক চালক। বিশেষ করে পুরোনো দু-চাকার গাড়ি ব্যবহারকারীদের দাবি, মাইলেজ কমাসহ ইঞ্জিনেও নানান ছোটখাটো সমস্যা দেখা দিচ্ছে। সরকারের তরফে এই প্রযুক্তি নিরাপদ দাবি করা হলেও সাধারণ চালকদের উদ্বেগ কমেনি।
এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বাইক চালকদের আশ্বস্ত করেছে দেশের শীর্ষস্থানীয় দু-চাকা প্রস্তুতকারী সংস্থা ‘হিরো মোটোকর্প’ (Hero MotoCorp)। সংস্থার মতে, আগামী দিনে এথেনল মিশ্রণের কারণে মাইলেজে খুব একটা প্রভাব পড়বে না। কারণ, অটোমোবাইল সংস্থাগুলো নতুন প্রযুক্তির মাধ্যমে জ্বালানি দক্ষতা (Fuel Efficiency) বাড়াতে প্রতিনিয়ত কাজ করছে।
এথেনল ব্লেন্ডিং ও প্রযুক্তিগত সমাধান
হিরো মোটোকর্পের চিফ বিজনেস অফিসার (ইন্ডিয়া) আশুতোষ ভার্মা সরকারের এথেনল ব্লেন্ডিং নীতিকে সমর্থন জানিয়ে বলেন, জ্বালানির জন্য বিদেশের ওপর নির্ভরতা কমাতে এটি একটি দূরদর্শী সিদ্ধান্ত। তিনি স্বীকার করেন, পেট্রোলের তুলনায় এথেনলের ক্যালোরিফিক ভ্যালু কিছুটা কম হওয়ায় তাত্ত্বিকভাবে মাইলেজে সামান্য পার্থক্য আসতে পারে। তবে আধুনিক প্রযুক্তির মাধ্যমে এই ঘাটতি পূরণ করা সম্ভব।
বর্তমানে বাইক ও স্কুটারে ‘আইডল স্টপ-স্টার্ট সিস্টেম’ (Idle Stop-Start System) এবং ‘লো-রোলিং রেজিস্ট্যান্স টায়ার’-এর মতো উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, যা অপচয় রোধ করে জ্বালানি সাশ্রয়ে বড় ভূমিকা রাখছে।
ভবিষ্যতের বাজার ও গ্রাহকের চাহিদা
এথেনল বিতর্কের পাশাপাশি দু-চাকা শিল্প খাতের সামগ্রিক বাজার নিয়েও কথা বলেছে হিরো। সংস্থার মতে, সাম্প্রতিক সময়গুলোতে বাজারে গ্রাহকদের চাহিদার বেশ পরিবর্তন লক্ষ্য করা গেছে। তবে ২০২৬ সালের বর্তমান পরিস্থিতি অটোমোবাইল খাতের জন্য যথেষ্ট ইতিবাচক। ভবিষ্যতে ক্রেতাদের দ্রুত পরিবর্তনশীল পছন্দ ও চাহিদাকে সঠিকভাবে অনুমান করে গাড়ি তৈরি করাই এখন সমস্ত অটো মোবাইল প্রস্তুতকারী সংস্থার মূল চ্যালেঞ্জ।