জোড়া অগ্নিকাণ্ডের জের, বড়সড় রদবদল দমকল বাহিনীতে!

বার্তা ডেস্কঃ

সম্প্রতি কলকাতার নিউ মার্কেট এবং বীরভূমের তারাপীঠের দু’টি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেশ কয়েকজনের মৃত্যুর ঘটনায় শোরগোল পড়ে রাজ্যজুড়ে। এর পরপরই প্রশাসনিক স্তরে বড় পদক্ষেপ নিয়ে দমকল বিভাগে ব্যাপক রদবদল ঘটানো হলো। সব মিলিয়ে বিভিন্ন বিভাগের মোট ১৭ জন ডিভিশনাল ফায়ার অফিসারকে (DFO) বদলি করা হয়েছে।

দক্ষিণ কলকাতা বিভাগের দায়িত্বে থাকা শুভঙ্কর ঘোষকে সরিয়ে সেই পদে আনা হয়েছে উত্তর ২৪ পরগনার ডিএফও নিহাররঞ্জন রায়কে। উল্লেখ্য, নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের যে হোটেলে আগুন লেগেছিল, তা এই দক্ষিণ কলকাতা বিভাগের অধীনেই পড়ে। অন্যদিকে, বীরভূম বিভাগের ডিএফও অরিন্দম দেবনাথকে বাঁকুড়ায় বদলি করা হয়েছে এবং বাঁকুড়ার ডিএফও শ্যামসুন্দর দে-কে আনা হয়েছে বীরভূমে।

এছাড়াও, সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস সংলগ্ন ৯, ক্যামাক স্ট্রিটের ভবনে ফায়ার অডিট অভিযানের নেতৃত্বে থাকা ‘ফায়ার প্রিভেনশন-১’-এর ডিএফও সরোজকুমার বাগকেও সরিয়ে উত্তর কলকাতা বিভাগের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

নিউ মার্কেট ও তারাপীঠের মতো জনবহুল এলাকায় দমকলের কার্যালয়ের কাছাকাছি স্থানে পর পর মারাত্মক অগ্নিকাণ্ডের ঘটনার পরই এই রদবদল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে প্রশাসনিক সূত্রের দাবি, এটি সম্পূর্ণভাবেই একটি নিয়মমাফিক বা রুটিন রদবদল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *