পুজোর মুখে শহরজুড়ে ‘ভাগাড়’ আতঙ্ক, ট্যাংরায় উদ্ধার ৫০০ কেজি বাসি মাংস!

বার্তা ডেস্কঃ

উৎসবের মরসুমে কলকাতার ভোজনরসিকদের জন্য চরম দুশ্চিন্তার খবর। ঝ চকচকে ডাইনিং হলের আড়ালে রেস্তরাঁগুলির হেঁশেলে ঠিক কী চলছে, তা নিয়ে ফের বড়সড় প্রশ্ন উঠে গেল। এবার কলকাতা পুরসভার নজরে পড়ল ট্যাংরার অত্যন্ত জনপ্রিয় চীনা রেস্তরাঁ ‘বিগ বস’। সেখান থেকে উদ্ধার করা হয়েছে অন্তত ৫০০ কেজি পচা ও বাসি মাছ-মাংস।

পুরসভার আধিকারিকরা পরিদর্শনে গিয়ে দেখেন, ফ্রিজের ভেতর অত্যন্ত অস্বাস্থ্যকর ও খোলা অবস্থায় ফেলে রাখা হয়েছিল ওই বিপুল পরিমাণ মাছ-মাংস। এমনকি, এগুলি কবে কেনা বা রাখা হয়েছিল, তার কোনো তারিখ বা লেবেলও ছিল না। সাধারণ মানুষের স্বাস্থ্যের সুরক্ষার কথা ভেবে পুরকর্মীরা তখনই সব খাবার বাজেয়াপ্ত করে ধাপা কন্সপেন্সিং গ্রাউন্ডে ফেলে দেওয়ার নির্দেশ দেন।

সম্প্রতি খাবারের মান রক্ষা ও বিষক্রিয়া রুখতে খাদ্য দফতর এবং প্রশাসনকে কড়া বার্তা দিয়েছে রাজ্য সরকার। সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি মেনে এর পরেই শহর থেকে জেলা— সর্বত্র শুরু হয়েছে একের পর এক অভিযান।

সম্প্রতি বাদুড়িয়া ও মধ্যমগ্রামের বেশ কিছু নামী রেস্তরাঁ থেকে শুরু করে সল্টলেক, শক্তিগড় এবং দিঘাতেও খাদ্য নিরাপত্তা আধিকারিকরা অভিযান চালিয়ে প্রচুর বাসি খাবার উদ্ধার করেন। উত্তরবঙ্গের লাটাগুড়িতে মহকুমাশাসকের (SDO) নেতৃত্বে বিভিন্ন রিসর্টে তল্লাশি চালিয়ে মেয়াদউত্তীর্ণ খাবার পাওয়ায় ৩টি রিসর্টকে কড়া সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, হুগলির ভদ্রেশ্বরে মাছি ভনভন করা ও ঝুল-কালিতে ভরা চরম অস্বাস্থ্যকর পরিবেশের কারণে একটি বেকারি পুরোপুরি বন্ধ করে দিয়েছে প্রশাসন।

অভিজাত রেস্তরাঁ ও খাবারের দোকানগুলির এমন হাড়হিম করা কঙ্কালসার চেহারা দেখে আতঙ্কে আমজনতা। কয়েক বছর আগের সেই চরম আতঙ্কজনক ‘ভাগাড়ের মাংস’ কান্ডের স্মৃতি যেন ফের নতুন করে তাড়া করে বেড়াচ্ছে উৎসবপ্রিয় বাঙালিকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *