মাত্র ১০ টাকায় আইসক্রিম! বাজারে ঝড় তুলতে আসছে রিলায়েন্স।
বার্তা ডেস্কঃ
ভারতের আইসক্রিমের বিশাল বাজারে নতুন প্রতিযোগী হিসেবে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করল মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। কনজুমার প্রোডাক্টস শাখার মাধ্যমে বাজারে আনা হয়েছে নতুন ব্র্যান্ড ‘বম্বে ক্রিমারি’, যার দাম শুরু হচ্ছে মাত্র ১০ টাকা থেকে। প্রথম পর্যায়ে দেশটির পশ্চিমের রাজ্যগুলোর নির্দিষ্ট বাজারে এই আইসক্রিম পাওয়া যাবে এবং ধাপে ধাপে তা সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। কাপ, কোন, টাব, বার ও স্টিক—নানা ফ্লেভার ও আকারের এই আইসক্রিম তৈরিতে আসল ডেইরি ক্রিম বা দুধের সর ব্যবহারের দাবি করেছে সংস্থা।
প্রায় ১৫ হাজার কোটি টাকার এই ভারতীয় বাজারে ইতিমধ্যে আমুল, মাদার ডেইরি, কোয়ালিটি ওয়ালস, ভাদিলাল ও ন্যাচারালস-এর মতো প্রতিষ্ঠিত ব্র্যান্ডগুলোর শক্ত অবস্থান রয়েছে। এর আগে ‘ক্যাম্পা’ কোলার মতো জনপ্রিয় ও নস্ট্যালজিক ব্র্যান্ড সফলভাবে ফিরিয়ে এনেছিল রিলায়েন্স। এখন অত্যন্ত সাশ্রয়ী মূল্যে মানসম্মত আইসক্রিম নিয়ে আসার এই পদক্ষেপে বাজারের প্রতিযোগিতার সমীকরণ কতটা বদলায়, সেটাই এখন দেখার অপেক্ষা।