বাবার মৃত্যুর পর ডিভোর্স, ফ্যামিলি পেনশন কি পাবেন? জেনে নিন হাই কোর্টের বড় রায়!
বার্তা ডেস্কঃ
বাবা বা মায়ের মৃত্যুর সময় কন্যা বিবাহিত থাকলে, পরবর্তীকালে তাঁর বিবাহবিচ্ছেদ ঘটলেও তিনি ‘ফ্যামিলি পেনশন’-এর দাবিদার হতে পারেন না। সম্প্রতি এক মামলার শুনানিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও স্পষ্ট রায় দিয়েছে কলকাতা হাই কোর্ট। আদালত জানিয়েছে, কর্মচারী বা পেনশনভোগী বাবা কিংবা মায়ের মৃত্যুর তারিখই পারিবারিক পেনশনের যোগ্যতা নির্ধারণের মূল ‘কাট অফ ডেট’। তাই মৃত্যুর বহু পরে মেয়ের বৈবাহিক অবস্থার পরিবর্তন ঘটলেও নতুন করে এই অধিকার জন্মায় না।
গায়ত্রী মুখোপাধ্যায় নামক এক নারীর করা মামলার প্রেক্ষাপটে এই রায় সামনে এসেছে। আবেদনকারীর দাবি ছিল, স্বামী পরিত্যক্তা হওয়ার সুবাদে তিনি বাবার পারিবারিক পেনশন পাওয়ার যোগ্য। কিন্তু আদালত জানিয়েছে, গায়ত্রীর বাবার মৃত্যুর সময় তিনি আইনগতভাবে বিবাহবিচ্ছিন্না ছিলেন না। কর্মচারী বাবার মৃত্যুর দিনটিতে কন্যার বৈধ বৈবাহিক অবস্থা এবং অর্থনৈতিক নির্ভরতা প্রধানত বিচার্য। এই আইনি যুক্তিতেই তাঁর পেনশন সংক্রান্ত আবেদনটি আদালত খারিজ করে দিয়েছে।