বাম-তৃণমূলকে একযোগে নিশানা, কেন এমন সুর মুখ্যমন্ত্রীর?
বার্তা ডেস্কঃ 
বৃহস্পতিবার গোলপার্কের রামকৃষ্ণ মিশনে আরএসএসের শাখা সংগঠন বিবেকানন্দ বিদ্যা ভারতী বিকাশ পরিষদের বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে তীব্র আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, ৩৪ বছরের বাম জমানায় যেমন বাংলা ভাষার প্রচার ও প্রসারে বাধা দেওয়া হয়েছিল এবং ইংরাজিতে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল, তেমনই বর্তমান সরকারের আমলেও শিক্ষাকে দূষিত করা হয়েছে। তৃণমূল সরকারের আমলে স্কুলের সিলেবাসে তোষণের রাজনীতি প্রবেশ করেছে বলে দাবি করে তিনি বলেন, সিলেবাসে ইচ্ছেমতো ভাষাগত পরিবর্তন এনে ‘মা’-কে আম্মা এবং ‘জল’-কে জল করা হয়েছে। পাশাপাশি, সিলেবাস থেকে জাতীয় বীরদের অবমূল্যায়ন করে বিতর্কিত নাম অন্তর্ভুক্ত করারও কড়া সমালোচনা করেন তিনি।
অনুষ্ঠান থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট ভাষায় জানান, নেতাজি ও স্বামী বিবেকান্দরে এই পুণ্যভূমিতে স্বাধীনতাবিরোধী স্লোগান বা বিদেশি এজেন্ডা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। দেশপ্রেম, সংস্কার ও জাতীয়তাবাদ টিকিয়ে রাখতে শিক্ষাব্যবস্থায় বড়সড় পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি সতর্ক করেন যে, এই পরিস্থিতি চলতে থাকলে বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি চিরতরে হারিয়ে যাবে।