ফলতায় খেলার মাঠের বেআইনি শেড সরাতেই হবে, খরচ বইতে হবে তৃণমূলকে!

বার্তা ডেস্কঃ

ফলতায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’ প্রকল্পের অব্যবহৃত অস্থায়ী কাঠামো অবিলম্বে গুঁড়িয়ে ফেলার মৌখিক নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চ কড়া সুরে স্পষ্ট করে দিয়েছেন যে, এই কাঠামো সরানোর যাবতীয় খরচ শাসকদল তৃণমূলকেই বহন করতে হবে।

স্থানীয় আইনজীবী আমিনুদ্দিন খানের দায়ের করা একটি জনস্বার্থ মামলার ভিত্তিতে আদালত এই নির্দেশ দিয়েছে। অভিযোগ, ফলতা বিডিও অফিসের সংলগ্ন একটি খেলার মাঠ ও পার্ক দখল করে ‘সেবাশ্রয়’-এর সুবিশাল টিনের শেড এবং অস্থায়ী কাঠামো তৈরি করা হয়েছিল। ২০২৫ সালের ডিসেম্বরের পর সেখানে কোনো স্বাস্থ্য শিবিরের কাজ না চললেও কাঠামোটি মাসের পর মাস একইভাবে পড়ে রয়েছে। ফলে মাঠটি খেলাধুলো বা সামাজিক অনুষ্ঠানের একদম অযোগ্য হয়ে পড়েছে এবং স্থানীয় স্কুলের ছাত্রছাত্রীরা খেলাধুলোর সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।

মামলাকারীর আইনজীবী নন্দিনী মিত্র আদালতে জানান, পার্কটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য স্থানীয় প্রশাসনের কাছে একাধিকবার দরবার করেও কোনো লাভ হয়নি। সব শুনে রাজ্য প্রশাসনকে তীব্র ভর্ৎসনা করে আদালত জানায়, অবিলম্বেই এই অবৈধ নির্মাণ সরাতে হবে এবং এর পুরো খরচ যোগাবে নির্মাণকারী দল। হাইকোর্টের এই কঠোর অবস্থানের পর অস্বস্তিতে শাসকদল এবং নতুন করে সরগরম রাজ্য রাজনীতি। মামলাটির পরবর্তী শুনানি আগামী সপ্তাহে হওয়ার কথা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *