রেললাইনে ধস! উত্তরবঙ্গ ও আসামগামী লাইনে চরম বিপত্তি, থমকে একাধিক এক্সপ্রেস
বার্তা ডেস্কঃ
টানা বৃষ্টিতে নিউ ফরাক্কায় রেললাইনে ধস, হাওড়াগামী একাধিক দূরপাল্লার ট্রেন আটকে বিপত্তি
মুর্শিদাবাদ: দক্ষিণ ও উত্তরবঙ্গজুড়ে টানা প্রবল বর্ষণের জেরে এবার রেল চলাচলে বড় বিপর্যয়। নিউ ফরাক্কা ও তিলডাঙার মাঝে আপ রেললাইনে হটাৎ ধস নামায় ব্যাহত হলো পূর্ব রেলের ট্রেন চলাচল। এর জেরে শিয়ালদহ ও হাওড়াগামী একাধিক গুরুত্বপূর্ণ এক্সপ্রেস ট্রেন মাঝপথে আটকে পড়ে চরম ভোগান্তির মুখে পড়েছেন সাধারণ যাত্রীরা।
রেল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে নিউ ফরাক্কা স্টেশন পার হয়ে ফরাক্কা ব্যারেজে ঢোকার মুখে আপ ট্র্যাকে ধস নজরে আসে। একটানা বৃষ্টির কারণে লাইনের নীচের মাটি ধসে গিয়ে রেলপথ বিপজ্জনক হয়ে পড়ে। খবর পাওয়া মাত্রই বিপদ এড়াতে তৎক্ষণাৎ ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।
এই ঘটনার জেরে পদাতিক এক্সপ্রেস, গৌড় এক্সপ্রেস, দার্জিলিং মেল এবং যোগবানি এক্সপ্রেসের মতো একাধিক প্রিমিয়াম ও দূরপাল্লার ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে পড়ে। ফলে হাওড়া ও শিয়ালদহমুখী ট্রেন চলাচলে ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
ঘটনার খবর পেয়েই রেলের ইঞ্জিনিয়ার ও কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ক্ষতিগ্রস্ত ট্র্যাকে যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ শুরু হয়েছে। পরিস্থিতি সামাল দিতে রেল কর্তৃপক্ষের তরফে বিকল্প ব্যবস্থা হিসেবে ডাউন লাইন ব্যবহার করে ধীরগতিতে ট্রেন চালানোর চেষ্টা চলছে, যাতে যাত্রীদের দীর্ঘক্ষণ আটকে না থাকতে হয়।
রেল আধিকারিকরা জানিয়েছেন, যাত্রীদের সুরক্ষাই প্রথম অগ্রাধিকার। ক্ষতিগ্রস্ত অংশের মেরামতি সম্পন্ন করে লাইন সম্পূর্ণ নিরাপদ ঘোষিত হওয়ার পরই পুনরায় ওই ট্র্যাকে স্বাভাবিক ট্রেন চলাচল শুরু হবে। বৃষ্টির কারণে অন্যান্য লাইনের ওপরও কড়া নজর রাখা হচ্ছে।