রামের ধন চুরি করে ছাড় নেই! সিইও বদল নিয়ে বিজেপিকে তোপ অখিলেশের

বার্তা ডেস্কঃ

রামমন্দির ট্রাস্টের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন সমাজবাদী পার্টির সভাপতি ও উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। সাহারানপুরের একটি সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট জানান, নতুন সিইও নিয়োগ করে ট্রাস্টের আগের কোনো দুর্নীতি বা ভুল ঢাকা যাবে না।

অখিলেশের অভিযোগ, রামমন্দির চত্বরে দান কেলেঙ্কারি ও প্রসাদ চুরির মতো ঘটনায় কেবল নিচু তলার সাধারণ কর্মচারীদের বলির পাঁঠা বানিয়ে জেলে পাঠানো হয়েছে। অথচ মূল অপরাধী ও প্রভাবশালিরা সম্পূর্ণ অধরা এবং সুরক্ষিত। শাসকদল সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতি ও বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলছে মন্তব্য করে তিনি বলেন, যাঁরা ‘রামের ধন’ চুরি করেছেন, ঈশ্বর কিংবা দেশের জনগণ—কেউই তাঁদের ক্ষমা করবে না।

মন্দির ট্রাস্টের পাশাপাশি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, মূল্যবৃদ্ধি ও বেকারত্ব নিয়ে যোগী সরকারকে তীব্র সমালোচনা করেন সপা প্রধান। ২০২৭ সালের বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টি সরকার গড়বে বলে দাবি জানিয়ে তিনি প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় এলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে আখচাষিদের বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হবে। এছাড়াও বিতর্কিত ‘অগ্নিবীর’ প্রথা বাতিল, সংরক্ষণ নীতি বজায় রাখা এবং নোটবন্দিকে ব্যর্থ নীতি হিসেবে উল্লেখ করে কেন্দ্রের বিজেপি সরকারকেও একহাত নেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *