ফের অশান্ত মণিপুর! কাংপোকপিতে পুড়ে ছাই ২৫টি বাড়ি
বার্তা ডেস্কঃ
কাংপোকপি: মণিপুরে হিংসার আগুন থামার কোনো লক্ষণই নেই। মঙ্গলবার গভীর রাতে কাংপোকপি জেলার নিয়াংমাই নাগা সম্প্রদায় অধ্যুষিত একাধিক গ্রামে তাণ্ডব চালানোর পর, বুধবার ফের নতুন করে উত্তপ্ত হয়ে উঠল জেলাটির টিপোরাম এলাকা। সশস্ত্র দুষ্কৃতীদের এই দফায় চালানো হামলায় অন্তত ২৫টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে, যার মধ্যে নেপালি সম্প্রদায়ের ৫টি পরিবারও রয়েছে।
এর আগে মঙ্গলবার ভোরে কাংপোকপির পিপুরাই মাকুই, নাগা টাপোন (ওল্ড) এবং নাগা টাপোন নামসান (নিউ) গ্রামে সশস্ত্র কুকি বিদ্রোহীরা হামলা চালায় বলে অভিযোগ। সেখানে ১০টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি রাইস মিল, ট্রাক, জিপসি ও মোটরবাইক ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়া হয়। হামলায় এক স্থানীয় প্যাস্টর গুলিবিদ্ধ হন এবং ব্যপক লুটপাট চালানো হয়।
পরদিনই চালওয়া থানা এলাকার টিপোরামে হামলাকারীরা আবার নতুন করে আগুন লাগায়। বাসিন্দাদের দাবি, মঙ্গলবার হামলা চালিয়ে যাওয়ার সময় আক্রমণকারীরা আরও বড় হামলার হুমকি দিয়ে গিয়েছিল। হুমকির মুখে আতঙ্কে টিপোরাম গ্রামের বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে প্রায় ১৫ কিলোমিটার দূরে মাকুইয়ের একটি ত্রাণশিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সিআরপিএফ (CRPF) সহ অতিরিক্ত নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, ২০২৩ সালের মে মাস থেকে মেইতেই ও কুকি-জ়ো সম্প্রদায়ের মধ্যকার সংঘাত কেন্দ্র করে উত্তপ্ত মণিপুরে সাম্প্রতিক সময়ে সহিংসতা চরম আকার নিয়েছে। চলতি বছরের মে মাস থেকে এ পর্যন্ত বিভিন্ন হামলায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে।