নিম্নচাপের জোড়া ফলায় ভাসছে বাংলা, আজই কি দুর্যোগের শেষ?

বার্তা ডেস্কঃ

কলকাতা: বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি বাংলা পেরিয়ে বর্তমানে মধ্যপ্রদেশের ওপর অবস্থান করলেও, তার তাণ্ডব এখনই থামছে না। সমুদ্র থেকে বহুদূরে সরলেও নিম্নচাপটির শক্তি বিন্দুমাত্র কমেনি, ফলে তার জেরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টি চালিয়ে যাচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার দিনভর তিলোত্তমা-সহ একাধিক জেলায় হাল্কা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বাতাসের নিম্নস্তরে উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ রেখা এবং সক্রিয় মৌসুমি অক্ষরেখার যুগ্ম প্রভাবে মেঘ জমছে রাজ্যে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বৃষ্টির সঙ্গে ঘনঘন বজ্রপাতও ঘটছে। তবে সুখবর এই যে, বৃহস্পতিবারের মধ্যে এই নিম্নচাপটি আরও পশ্চিমে সরে উত্তরপ্রদেশের দিকে চলে যাবে এবং ক্রমশ শক্তি হারাবে।

কোথায় কেমন থাকবে আবহাওয়া?

  • দক্ষিণবঙ্গ: বৃহস্পতিবার দিনভর কলকাতা, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী থেকে অতিভারী বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমবে। তবে সপ্তাহান্তে শনিবারের দিকেও সম্পূর্ণ স্বস্তি মিলছে না; বিক্ষিপ্তভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে।
  • কলকাতা: তিলোত্তমায় এখনই আবহাওয়া সম্পূর্ণ পরিষ্কার হওয়ার বার্তা নেই। দিনভর আকাশ মেঘলা থাকবে এবং দফায় দফায় বৃষ্টি চলবে।
  • উত্তরবঙ্গ: দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও দুর্যোগের মেঘ ছেয়ে রয়েছে। শুক্রবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার—এই ওপরের পাঁচ জেলায় মুষলধারে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একই সঙ্গে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা বজায় থাকছে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গবাসী এখনই একঘেঁয়ে বৃষ্টির হাত থেকে রেহাই পাচ্ছে না। চলতি সপ্তাহের শেষে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও দুর্যোগ পুরোপুরি পিছু ছাঁড়তে আরও কিছুদিন সময় নেবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *