নিউ আলিপুরে ফিরহাদের জোড়া সংস্থায় সরকারি তদন্ত! তোলপাড় জমি দুর্নীতির অভিযোগে।
বার্তা ডেস্কঃ
কলকাতা বন্দরের বিধায়ক তথা প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে সম্পর্কিত দুটি সংস্থার অফিস ও কারখানায় দেড় ঘণ্টাব্যাপী তল্লাশি চালাল পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ তদন্ত কমিশন। বৃহস্পতিবার নিউ আলিপুরের টালিগঞ্জ সার্কুলার রোডে অবস্থিত ‘হাকিম পলিমেকার্স প্রাইভেট লিমিটেড’ এবং ‘হাকিম কেমিক্যালস’-এর অফিসে অভিযান চালায় কমিশনের তিন সদস্যের এক প্রতিনিধি দল। কারখানার শেড যে জমিটির উপর নির্মিত হয়েছে, সেটির আইনি বৈধতা ও জমা পড়া একটি অভিযোগ সংক্রান্ত তথ্য খতিয়ে দেখতেই এই অভিযান চালানো হয় বলে জানা গেছে। অভিযান শেষে কমিশনের সদস্য নিশ্চিত করেন যে, তাঁদের প্রয়োজনীয় সমস্ত নথি ও তথ্য সংগৃহীত হয়েছে।
প্রাতিষ্ঠানিক দুর্নীতি তদন্তে গঠিত কলকাতা হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বাধীন এই কমিশন জমি সংক্রান্ত মূল নথিপত্র খতিয়ে দেখছে। উল্লেখ্য, হাকিম পলিমেকার্সের ওয়েবসাইটে ফিরহাদ হাকিমকে প্রতিষ্ঠাতা হিসেবে উল্লেখ করা রয়েছে এবং দ্বিতীয় সংস্থাটির নাম তাঁর নির্বাচনী হলফনামাতেও ছিল। যদিও সংস্থা দুটি মূলত প্লাস্টিক ও পলিথিন প্রক্রিয়াকরণের ব্যবসার সঙ্গে যুক্ত, তবে ঠিক কী ধরনের দুর্নীতির অভিযোগে এই পদক্ষেপ, তা কমিশন এখনও স্পষ্ট করেনি। অন্যদিকে, সরকারের এই আকস্মিক তল্লাশি অভিযান ও তদন্ত নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কোনো প্রতিক্রিয়া জানাতে অস্বীকার করেছেন ফিরহাদ হাকিম।