শিয়ালদহে ট্রাফিক ব্লকের জেরে বাতিল বহু ট্রেন, যাত্রীদের চরম দুর্ভোগ!
বার্তা ডেস্কঃ
শিয়ালদহ ডিভিশনে ফের ট্রেন চলাচলে বড়সড় বিঘ্ন ঘটতে চলেছে। রেল সূত্রের খবর, শিয়ালদহ স্টেশনে পয়েন্ট কনভার্সন, ফিটিংস ও ক্রসিং প্রতিস্থাপনের মতো জরুরি পরিকাঠামো উন্নয়ন কাজের জন্য টানা ৭ ঘণ্টার ট্রাফিক এবং পাওয়ার ব্লক নেওয়া হবে। আগামী ৫ সেপ্টেম্বর শনিবার গভীর রাত ১২টা থেকে শুরু হয়ে এই কাজ চলবে ৬ সেপ্টেম্বর রবিবার সকাল ৭টা পর্যন্ত। ডাউন লাইনের ক্ষমতা ও স্থায়িত্ব বাড়াতেই রেলের এই উদ্যোগ। তবে সপ্তাহান্তের এই বিশেষ ব্লকের কারণে শিয়ালদহ শাখা জুড়ে একাধিক ট্রেন বাতিল হওয়ায় চরম যাত্রী ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে।
রেলের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, এই সময়সীমার মধ্যে শিয়ালদহ থেকে হাবড়া, কল্যাণী সীমান্ত, ডানকুনি, রানাঘাট, বারাসাত এবং দত্তপুকুরগামী একাধিক আপ ও ডাউন লোকাল ট্রেন সম্পূর্ণ বাতিল থাকবে। পাশাপাশি, ৫ সেপ্টেম্বর ডাউন লালগোলা-শিয়ালদহ লোকালটির যাত্রাপথ সংক্ষিপ্ত করে শিয়ালদহের পরিবর্তে দমদম পর্যন্ত চালানো হবে। শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার রাজীব সাক্সেনা জানিয়েছেন, নিরাপদ ও সুষ্ঠু পরিষেবা সুনিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। যাত্রীদের সুবিধার্থে স্টেশনে লাগাতার মাইকিং করা হবে বলে জানানো হলেও সাধারণ যাত্রীদের বিকল্প ব্যবস্থা নিয়ে বেরোনোর পরামর্শ দেওয়া হচ্ছে।