আরজি কর কাণ্ড: সোমনাথকে আদালতে তুলতেই ডিম-বৃষ্টির আক্রমণ, পুলিশি নিরাপত্তায় বড় প্রশ্ন!
বার্তা ডেস্কঃ
আরজি কর কাণ্ডে চিকিৎসকের দেহ তড়িঘড়ি দাহ করে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার হওয়া জলহাটির প্রাক্তন পুরপ্রধান সোমনাথ দে’কে রাজ্যে এনে চরম বিক্ষোভের মুখে পড়তে হলো। শুক্রবার ভোররাতে তাঁকে ট্রানজিট রিমান্ডে পশ্চিমবঙ্গে নিয়ে আসা হয়। খড়দহ থানা থেকে ব্যারাকপুর আদালতে নিয়ে যাওয়ার সময় ক্ষুব্ধ বিজেপি কর্মী-সমর্থকরা সোমনাথকে ঘিরে ‘চোর চোর’ স্লোগান দিতে থাকেন এবং তাঁকে লক্ষ্য করে একের পর এক ডিম ছুড়তে থাকেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ আগে থেকেই তাঁকে হেলমেট পরিয়ে নিরাপত্তায় মুড়ে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। ধৃতের পাশাপাশি একাধিক পুলিশ কর্মীও এই ডিম হামলায় আক্রান্ত হন।
ঘটনার দিন শ্মশানের রিিশনে নাম থাকা সোমনাথ দে নতুন মামলা দায়েরের পর থেকেই ধরা পড়ার ভয়ে বারবার ফোন নম্বর ও ঠিকানা বদলে পলাতক ছিলেন। অবশেষে খড়দহ থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বেঙ্গালুরু থেকে তাঁকে গ্রেপ্তার করে। এর আগে একই মামলায় জলহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ ও প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায় গ্রেপ্তার হলেও তাঁরা জামিন পেয়েছেন। তবে আরজি কর কাণ্ডে সোমনাথের ঠিক কী ভূমিকা ছিল এবং তথ্যপ্রমাণ মোছার নেপথ্যে কী গোপন ষড়যন্ত্র রয়েছে, তা খতিয়ে দেখতে তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে পুঙ্খানুপুঙ্খ জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।