বিমান বসু ঘরে ফিরতেই মমতার চিঠি! বার্তাবাহক কুণাল, কী লিখলেন মুখ্যমন্ত্রী?

বার্তা ডেস্কঃ

দিল্লি সফরের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন প্রবীণ বাম নেতা তথা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এরপর সেখানকার এইমস হাসপাতালে তাঁর হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। চিকিৎসা শেষে তিনি কলকাতায় ফিরে আলিমুদ্দিনের নিজের ঘরে পা রাখতেই এক রাজনৈতিক সৌজন্যের চিত্র দেখল বঙ্গবাসী। মুখ্যমন্ত্রীর বার্তাবাহক হিসেবে কুণাল ঘোষ প্রবীণ এই রাজনীতিকের হাতে একটি চিঠি পৌঁছে দেন। সাদা চিরকুটে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “শ্রদ্ধেয় বিমানদা, সুস্থ থাকুন, ভাল থাকুন।” তীব্র রাজনৈতিক মতপার্থক্য ভুলে এই ধরণের মানবিক সৌজন্য প্রদর্শনে রাজ্যের রাজনৈতিক মহলে এক ইতিবাচক বার্তা পৌঁছেছে।

তবে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরে আসলেও ৮৭ ছুঁইছুঁই এই প্রবীণ নেতার স্বাস্থ্যের বেশ কিছু অভ্যাস নিয়ে উদ্বিগ্ন চিকিৎসক ও তাঁর সহকর্মীরা। দীর্ঘ কয়েক দশক ধরে তাঁর অপরিবর্তিত খাদ্যাভাস, বারবার লিকার চা খাওয়া এবং অতিরিক্ত ধূমপানের অভ্যাসে এখন বদল আনা জরুরি বলে মনে করা হচ্ছে। আলিমুদ্দিনের রাজনৈতিক বৈঠক বা ব্যস্ততার ফাঁকে তাঁর হাতে ধূমপানের দণ্ড থাকা অত্যন্ত পরিচিত এক দৃশ্য। তবে শরীরে পেসমেকার বসানোর পর এই জীবনযাত্রায় লাগাম টানা এবং তাঁকে এসব থেকে কতটা দূরে রাখা সম্ভব হবে, এখন সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *