গঙ্গার করাল গ্রাসে ভাসছে উত্তর ভারত, বারাণসীর ৮৪ ঘাটের করুণ পরিণতি কী!
বার্তা ডেস্কঃ
উত্তর ভারত জুড়ে অতিবৃষ্টির দরুণ বন্যা, হড়পা বান ও ধসে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ রূপ নিয়েছে। টানা বর্ষণে বানভাসি উত্তরপ্রদেশের ২৩টি জেলা, যার মধ্যে বারাবাঁকির অবস্থা সর্বাধিক সংকটাপন্ন। চিত্রকূট, আমেঠি ও বারাবাঁকিতে প্রাণ হারিয়েছেন মোট ৫ জন; এর মধ্যে চিত্রকূটে মাটির বাড়ি ধসে এক ব্যক্তি ও তাঁর দুই সন্তানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বারাণসীর ৮৪টি ঘাট পুরোপুরি জলের তলায় চলে গেছে এবং সেখানে গঙ্গা ও মন্দাকিনী নদী বিপদসীমার বহু উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রামঘাট ও নির্মোহী আখড়াসহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় দুর্গতদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে।
একইভাবে বিহার, আসাম, উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশেও প্রাকৃতিক দুর্যোগ চরম আকার ধারণ করেছে। বিহারের পাটনায় গঙ্গার জল বিপদসীমায় পৌঁছানোয় মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী পরিস্থিতি খতিয়ে দেখে তীরবর্তী একাধিক নিচু এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। ওদিকে গুয়াহাটিতে দুটি পৃথক ধসের ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে এবং বহু রাস্তাঘাট জলমগ্ন। এ ছাড়া টানা বৃষ্টি ও পাহাড়ি ধসের কারণে উত্তরাখণ্ডে নতুন করে ৭ জন এবং হিমাচল প্রদেশে গত ৬৪ দিনে ২৫৯ জনের মৃত্যু নথিভুক্ত হয়েছে।