পরকীয়ার করুণ পরিণতি! ধুলিয়ানে যুবকের খণ্ড-বিখণ্ড দেহ উদ্ধার ঘিরে তোলপাড় মুর্শিদাবাদ
বার্তা ডেস্কঃ
মুর্শিদাবাদের ফরাক্কায় বল্লালপুর ফিডার ক্যানেল ঘাট থেকে এক বিজেপি সমর্থকের বস্তাবন্দি দেহাংশ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম সুজিত মণ্ডল, যিনি পেশায় বিড়ি কর্মী এবং সুদের ব্যবসায়ী ছিলেন। গত ২৮ আগস্ট সকালে একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই তিনি নিখোঁজ হন। পরবর্তীতে তাঁর পরিবারের কাছে ৫ লক্ষ টাকার মুক্তিপণ দাবি করা হলেও, শেষ পর্যন্ত তাঁর নির্মম হত্যাকাণ্ডের তথ্য সামনে আসে। অভিযোগ উঠেছে, একটি ত্রিকোণ প্রেমের টানাপোড়েন ও ব্ল্যাকমেলিংয়ের জেরেই পরিকল্পনা করে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে ওই মহিলা তাঁর দ্বিতীয় সঙ্গীকে সাথে নিয়ে সুজিতকে শ্বাসরোধ করে খুন করে। এরপর অপরাধ ঢাকতে সুজিতের দেহ টুকরো টুকরো করে কেটে বস্তায় ভরে মোটরসাইকেলে করে বিভিন্ন স্থানে ভাসিয়ে দেওয়া হয়। পুলিশ ইতিমধ্যেই এক মহিলাসহ দু’জনকে আটক করেছে এবং নিখোঁজ মাথার অংশ উদ্ধারে ফিডার ক্যানেলে ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয় বিজেপি নেতৃত্ব ও নিহতের পরিবার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।