ফরাক্কায় ফের ট্রেন বিভ্রাট! আকাশছোঁয়া ভাড়ায় পকেট কাটছে বাস-বিমান কোম্পানিগুলো

বার্তা ডেস্কঃ

মালদহ ডিভিশনের নিউ ফরাক্কা ও তিলডাঙা সেকশনের আপ লাইনে মেরামতি চলাকালীন নতুন করে ধস নামায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। টানা বৃষ্টির জেরে মাটি ধসে ওভারহেড ইলেকট্রিক পোল বেঁকে যাওয়ায় নিরাপত্তা নিশ্চিত করতে আপ লাইনে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। ফলে উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে রেল কর্তৃপক্ষ হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস, তিস্তা-তোস্তা এক্সপ্রেস ও তেভাগা এক্সপ্রেসসহ একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল করেছে। পাশাপাশি দার্জিলিং মেল, বন্দে ভারত ও পদাতিক এক্সপ্রেসের মতো দূরপাল্লার ট্রেনগুলিকে বিকল্প ঘুরপথে চালানো হচ্ছে, আবার বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।

রেল পরিষেবা বিঘ্নিত হওয়ার সুযোগ নিয়ে ব্যাপক ভোগান্তির মুখে পড়েছেন সাধারণ যাত্রীরা। গন্তব্যে পৌঁছাতে বাসই একমাত্র ভরসা হয়ে উঠলেও সুযোগ বুঝে দ্বিগুণ ভাড়া দাবি করছে বেসরকারি বাস সংস্থাগুলি। একই সঙ্গে অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে বিমানের টিকিটের দামও, যা সাধারণ মানুষের ক্ষোভ বহুগুণ বাড়িয়ে দিয়েছে। হঠাৎ তৈরি হওয়া এই চরম যানজট ও অতিরিক্ত অর্থ খরচের জেরে উত্তরবঙ্গগামী হাজার হাজার যাত্রী এখন দিশেহারা। যদিও ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রেখে রেলের তরফ থেকে দ্রুত গতিতে মেরামতির কাজ চালানো হচ্ছে, তবুও আপ লাইনে স্বাভাবিক পরিষেবা কবে চালু হবে তা নিয়ে সংশয় কাটেনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *