তৃণমূল নেতার বাড়িতে পুলিশের হানা, উদ্ধার মারাত্মক আগ্নেয়াস্ত্র!

বার্তা ডেস্কঃ

ডায়মন্ড হারবার জেলা পুলিশের এক বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে মগরাহাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূলের পূর্ত কর্মাধ্যক্ষ তথা দাপুটে নেতা তৌসিফ আহমেদ মোল্লা ওরফে বাচ্চুকে। গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে উস্তি থানার পুলিশ মন্দিরবাজারের বিজয়গঞ্জ বাজার এলাকা থেকে দীর্ঘদিন পলাতক এই অভিযুক্তকে ধরে ফেলে। স্থানীয় ঠিকাদার ও ব্যবসায়ীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখিয়ে তোলাবাজি করার অভিযোগে তাঁর নাম জড়িয়েছিল। ধৃতকে আদালতে পেশ করা হলে ডায়মন্ড হারবার এসিজেএম পুলিশ হেফাজতের নির্দেশ প্রদান করে।

পুলিশের লাগাতার জিজ্ঞাসাবাদের পর ধৃত নেতার নির্দেশিত স্থান থেকে একাধিক নাইন এমএম, সেভেন এমএম পিস্তল, ওয়ান শটার রিভলবার, ম্যাগাজিন ও আট রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়। পুলিশ সুপার চন্দ্রশেখর বর্ধন জানান, এই অবৈধ অস্ত্রভাণ্ডার ও তোলাবাজি চক্রের পেছনে কোনও প্রভাবশালী ব্যক্তির হাত রয়েছে কিনা তা গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া ২০২০ সালের জেপি নাড্ডার কনভয়ে হামলা এবং ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার ঘটনার সঙ্গে ধৃতের কোনও যোগসূত্র ছিল কিনা, সে বিষয়েও গভীর তদন্ত শুরু করেছে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *