৮ সেপ্টেম্বর থেকে জেলা ঘেরাও, হেমন্ত সোরেন সরকারের বিরুদ্ধে গর্জে উঠল বিজেপি!
বার্তা ডেস্কঃ
September 5, 202611:00 am
ঝাড়খণ্ডে জেপিএসসি (JPSC) ও জেএসএসসি (JSSC) পরীক্ষার দাবিতে আন্দোলনরত প্রায় এক হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের ঘটনায় রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। শিক্ষার্থীদের ওপর দায়ের হওয়া এফআইআর অবিলম্বে প্রত্যাহারের দাবিতে হেমন্ত সোরেন সরকারের বিরুদ্ধে চার দিনের রাজ্যব্যাপী আন্দোলনের ডাক দিয়েছে প্রধান বিরোধী দল বিজেপি।
রাজ্য বিজেপি সভাপতি আদিত্য সাহু ঘোষণা করেছেন, আগামী ৮ সেপ্টেম্বর থেকে ঝাড়খণ্ডের প্রতিটি জেলা সদরে জেলা শাসক (DC) এবং পুলিশ সুপার (SP)-এর কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করা হবে। এর আগে শিক্ষার্থীদের বিরুদ্ধে নেওয়া আইনি পদক্ষেপ রদের জন্য বিজেপি সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিল। সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পরই রাঁচি থেকে জামশেদপুর—পুরো রাজ্যজুড়ে ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে রাস্তায় নামার সিদ্ধান্ত নেয় গেরুয়া শিবির।
রাঁচির এক সংবাদ সম্মেলনে আদিত্য সাহু অভিযোগ করেন, প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ জানানোয় পরীক্ষার্থীদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে সরকার। পরীক্ষার্থীদের মনোবল ভাঙতে তাঁদের বাড়ি ও কোচিং সেন্টারে পুলিশ পাঠিয়ে আতঙ্ক তৈরি করা হচ্ছে।
বিজেপির দাবি, রাজ্য সরকার প্রকৃত মাফিয়া ও অপরাধীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে আন্দোলনকারী পরীক্ষার্থীদের নিশানা করছে। মহাজোটের নেতারা প্রশাসনকে ঢাল করে শিক্ষার্থীদের হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ তোলে দল। অবিলম্বে এই দমনমূলক নীতি বন্ধ না হলে আন্দোলন আরও তীব্র রূপ নেবে এবং তার যাবতীয় দায় সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।