যৌন সম্পর্ক প্রমাণে ডিএনএ যথেষ্ট নয়! সম্মতির প্রশ্নে যুগান্তকারী রায় দিল্লি হাইকোর্টের
বার্তা ডেস্কঃ
September 5, 202612:33 pm
দিল্লি হাইকোর্টের এক রায়ে স্পষ্ট জানানো হয়েছে, ডিএনএ (DNA) রিপোর্টে পুরুষ ও মহিলার মধ্যে শারীরিক সম্পর্কের প্রমাণ মিললেও, সেই সম্পর্ক সম্মতিতে হয়েছিল কি না তা শুধুমাত্র ডিএনএ পরীক্ষার মাধ্যমে প্রমাণ করা সম্ভব নয়। বিচারপতি মধু জৈন একটি ধর্ষণ মামলার শুনানিতে এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ রাখেন এবং অভিযুক্ত ব্যক্তির বেকসুর খালাসের রায় বহাল রাখেন। ওই ব্যক্তির বিরুদ্ধে এক মহিলাকে নেশাজাতীয় পদার্থ খাইয়ে যৌন নির্যাতন ও হুমকির অভিযোগ ছিল। মামলায় ডিএনএ রিপোর্টে অভিযোগকারিণীর সন্তানের বাবা অভিযুক্ত ব্যক্তি বলেই প্রমাণিত হয়। তবে আদালত জানায়, ডিএনএ রিপোর্ট কেবল যৌন সম্পর্কের বিষয়টিই নিশ্চিত করে, কিন্তু কোন পরিস্থিতিতে তা ঘটেছিল তা নির্ধারণ করে না।
আদালতের নজরে আসে যে, অভিযোগকারিণীর বিভিন্ন বক্তব্যে বেশ কিছু অসঙ্গতি রয়েছে। বিশেষ করে প্রথম ঘটনার সময় তাঁর সচেতনতা এবং নেশাজাতীয় পদার্থের প্রভাব নিয়ে বয়ানে ফারাক ছিল। এর আগে ২০২৪ সালের অক্টোবর মাসে ট্রায়াল কোর্ট অভিযুক্তকে বেকসুর খালাস করেছিল, যার বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন অভিযোগকারিণী। সমস্ত দিক বিবেচনা করে হাইকোর্ট জানায়, ট্রায়াল কোর্টের সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক ছিল না। প্রমাণগুলি সামগ্রিকভাবে বিচার করেই ওই রায় দেওয়া হয়েছিল, তাই একই প্রমাণ থেকে অন্য মত সম্ভব হতে পারে এই যুক্তিতে খালাসের রায়ে হস্তক্ষেপ করা যায় না।