বিশ্বের অন্যতম প্রজ্ঞাবান নেতা মোদি, মুম্বইয়ে মুগ্ধ বেলজিয়ামের প্রধানমন্ত্রী!
বার্তা ডেস্কঃ
আন্তর্জাতিক কূটনৈতিক মঞ্চে ফের প্রস্ফুটিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব। বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডে ওয়েভার মোদিকে বিশ্বের অন্যতম ‘অনুপ্রেরণাদায়ী’ ও ‘প্রজ্ঞাবান’ নেতা হিসেবে অভিহিত করেছেন। মুম্বইয়ে আয়োজিত ভারত-বেলজিয়াম উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে তিনি মোদির নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন, যা বৈশ্বিক প্রেক্ষাপটে ভারত ও বেলজিয়ামের সম্পর্কের নতুন সমীকরণ তৈরি করছে।
সম্মেলনে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সম্পর্কের গভীরতার ওপর বিশেষ জোর দেন বার্ট ডে ওয়েভার। প্রস্তাবিত ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, বর্তমান বিশ্ব অর্থনীতি যখন নানাবিধ শুল্ক-প্রতিবন্ধকতা ও সংরক্ষণবাদের মুখোমুখি, তখন ভারত ও ইউরোপ পারস্পরিক আস্থা রেখে মুক্ত বাণিজ্যের পথ বেছে নিয়েছে। তাঁর মতে, এই চুক্তি কেবল একটি অর্থনৈতিক সমঝোতা নয়, বরং দুই পক্ষের মধ্যে কৌশলগত বিশ্বাস ও সম্মানের বড় প্রতীক, যা ভবিষ্যতে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার (সাপ্লাই চেন) নানা সংকট সামলাতেও বড় ভূমিকা রাখবে।
বেলজিয়ামের প্রধানমন্ত্রী দুই দেশের অর্থনীতিকে পরস্পরের পরিপূরক বলে ব্যাখ্যা করেন। বিশেষ করে লজিস্টিকস, বন্দর, রাসায়নিক ও শক্তি ক্ষেত্রে ভারতীয় বাজারের সঙ্গে আরও ঘনিষ্ঠ সহযোগিতার বার্তা দেন তিনি। এছাড়া, মহারাষ্ট্রের ব্যবসায়িক পরিবেশের প্রশংসা করে সেখানে বেলজিয়ামের শিল্প প্রতিনিধিদের বিনিয়োগের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।
অন্যান্য বক্তাদের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল এই ভারত-ইইউ বাণিজ্য চুক্তিকে ঐতিহাসিক সাফল্য বলে চিহ্নিত করেন। তিনি জানান, দীর্ঘ আলোচনার পর গড়ে ওঠা এই চুক্তি ভারতের কৃষক, স্টার্টআপ এবং নারী উদ্যোক্তাদের জন্য বিশ্ববাজারে নতুন সুযোগ ও সম্ভাবনার দরজা খুলে দেবে।