দুর্গাপুরে নববধূর রহস্যজনক মৃত্যু, দ্বিতীয় বিয়ের পরই গলাকাটা দেহ উদ্ধার!
বার্তা ডেস্কঃ
দুর্গাপুরের অণ্ডাল থানার খান্দরা পঞ্চায়েতের ময়রা ডিপো পাড়া এলাকায় ঘটেছে এক মর্মান্তিক ও চাঞ্চল্যকর ঘটনা। প্রথম স্বামীকে ছেড়ে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া ৪৪ বছর বয়সী তারা দেবী ভুঁইয়ার গলাকাটা রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়েছে তাঁর নিজ ঘর থেকে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে অণ্ডালের এসিপি দীপকুমার দাসসহ পুলিশ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। আলামত ও নমুনা সংগ্রহের জন্য একটি বিশেষ ফরেনসিক টিমকে ডাকা হয়।
পুলিশের তদন্ত ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত তারা দেবী তাঁর দ্বিতীয় স্বামী তপন ডোমের সঙ্গে ওই বাড়িতে বসবাস করতেন। তপন ডোম পেশায় স্থানীয় একজন খনি কর্মী। প্রতিবেশীদের দাবি অনুযায়ী, এই দম্পতির মধ্যে প্রায়শই পারিবারিক অশান্তি লেগে থাকত। ঘটনার পর থেকেই পলাতক থাকা দ্বিতীয় স্বামীকে ইতোমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। প্রথমপক্ষের দুই কন্যাসন্তানের মা তারা দেবীর মৃত্যুর নেপথ্যে পারিবারিক বনিবনার অভাব নাকি অন্য কোনো পুরনো শত্রুতা রয়েছে, তা জানতে ডেপুটি কমিশনার রাসপ্রিত সিংয়ের নেতৃত্বে পূর্ণাঙ্গ তদন্ত চালাচ্ছে পুলিশ।