মালদহ মেডিক্যাল কলেজে ৮৯ শিশুর মৃত্যু, অপসারিত সুপার!
বার্তা ডেস্কঃ
মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আগস্ট মাসে ৮৯ জন শিশুর মৃত্যুর ঘটনার পর কড়া পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। বিশেষজ্ঞ তদন্ত কমিটির জমা দেওয়া রিপোর্টের ভিত্তিতে হাসপাতালের সুপার তথা এমএসভিপি প্রসেনজিৎ বরকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সরকারি এই চিকিৎসাকেন্দ্রে পরপর এতগুলি শিশুমৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসার পরই স্বাস্থ্যভবনের নির্দেশ চার সদস্যের একটি বিশেষ দল মালদহে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে। কমিটির পক্ষ থেকে প্রতিটি শিশুর মৃত্যুর কারণ খতিয়ে দেখতে পৃথক তদন্ত শুরু হয়েছে এবং এই মর্মে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট রাজ্য সরকারের কাছে জমা দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞ দলের প্রাথমিক তদন্তে শিশুমৃত্যুর নেপথ্যে একাধিক জটিল চিকিৎসা সংক্রান্ত কারণ এবং শারীরিক ঝুঁকির কথা উঠে এসেছে। চিকিৎসকদের মতে, অপুষ্টির পাশাপাশি জন্মের পর তীব্র শ্বাসকষ্ট, হৃদ্রোগজনিত সমস্যা, জন্ডিস এবং কম ওজন নিয়ে জন্মানো নবজাতকদের ক্ষেত্রে এই মর্মান্তিক পরিণতি হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় প্রশাসনিক ও চিকিৎসা সংক্রান্ত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।